খুলনা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রের প্রতি কথিত হুমকির অভিযোগে খুলনার আদালতে দায়ের করা রাষ্ট্রদ্রোহের একটি মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আদালতে তার পক্ষে অর্ধশতাধিক আইনজীবী জামিনের আবেদন করেন।
জামিন পাওয়ার পর মওদুদ আহমদ নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতা করেন।
মওদুদ আহমদের আইনজীবী খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল মালেক জানান, গত ৮ অগাস্ট মুখ্য মহানগর হাকিম আদালতে অ্যাডভোকেট এস এম সাজ্জাদ আলী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও মওদুদ আহমদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করেন।
মামলায় বলা হয়, গত ৪ অগাস্ট জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত 'সংবিধান সংশোধন, বর্তমান ও ভবিষ্যত বাংলাদেশের বাস্তবতা' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে জামায়াতে নেতা তাহের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে হুমকি দিয়ে বলেছিলেন- "যথাসময়ে সরকারের যথাযথ ব্যক্তিদের বিরুদ্ধে জামায়াতের রিজার্ভ ফোর্স প্রয়োগ করা হবে।"
জামায়াত নেতা তাহের এ বক্তব্যের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
এজাহারে আরো বলা হয়, মওদুদ আহমদ ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বক্তব্যের বিরোধিতা করেননি, বরং তার (তাহের) বক্তব্যকে সমর্থন দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৭০৬ ঘ.
bdnews24