নওগাঁ, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির অভিযোগে নওগাঁর পোরশা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার সদর নিতপুরের নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার শমসের আলীর ছেলে।
পরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর স্থানীয় নেতাকর্মীরা থানা ঘেরাও করলে রাত সাড়ে ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
পোরশা থানার ওসি জাহিদুর রহমান সাংবাদিকদের জানান, নিতপুরে একটি রাস্তা নির্মাণ কাজের ঠিকাদারের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে ওয়াদুদকে আটক করা হয়েছিলো।
তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে যোগাযোগ করেও ওসির সঙ্গে কথা বলা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক থানার এক উপ-পরিদর্শক (এসআই) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়াদুদকে ছাড়িয়ে নেওয়ার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতারা চাপ দেন।
স্থানীয় সাংবাদিকরা জানান, ছাড়া পাওয়ার পর ওয়াদুদ দাবি করেছেন রাস্তা নির্মাণ কাজে অনিয়মের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।
হয়রানির অভিযোগ করে তিনি ওসিকে প্রত্যাহারের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.
bdnews24