২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুক হত্যা মামলায় রিমান্ডে রফিকুল

ফারুক হোসেন হত্যা মামলায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 09:13 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফারুক হোসেন হত্যা মামলায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন এ রিমান্ড মঞ্জুর করেন। রফিকুলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মহানগর গোয়েন্দা পুলিশ পরির্দশক জিয়া উজ জামান। আবেদনের পরিপ্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এসময় রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন জানান রফিকুলের আইনজীবীরা। তবে জামিনের আবেদন নাকচ করা হয়। এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে তাকে মিরপুর ১০ নম্বরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, বিএনপির ডাকা ২৭ জুনের হরতালের আগের রাতে হরতাল সমর্থকরা মগবাজারে একটি গাড়িতে আগুন ধরিয়ে দিলে ফারুক হোসেন নামে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় রমনা থানায় করা হত্যা মামলা এবং উত্তরা থানায় গত ১৯ এপ্রিল দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজশাহী বিশ্বদ্যিালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হওয়ার ঘটনায় শিবিরের জড়িত থাকার অভিযোগে ঢাকার উত্তরার একটি মেসে অভিযান চালিয়ে পুলিশ ৩১ শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করে। যাদের অধিকাংশই রাজশাহীর। জিজ্ঞাসাবাদে তারা জামাতের শীর্ষ নেতাদের নির্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনা ঘটিয়েছিল বলে স্বীকার করে। এরপরই গ্রেপ্তারকৃতদের এবং জামাতের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এর আগে মঙ্গলবার রফিকুল ইসলাম খানকে ছয়টি মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত আগাম জামিন দেয় হাইকোর্ট। পল্টন, মতিঝিল, কাফরুল থানা এবং ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তার বিরুদ্ধে এই ছয়টি মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/১৫০৯ ঘ.