ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউককে বৃহস্পতিবার ২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ মামলায় বুধবার বিকালে তাকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে ডেকে নেওয়া হয়। জিজ্ঞাসবাদের এক পর্যায়ে মধ্যরাতের পরপর তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে এ মামলায় গত মঙ্গলবার ডিউককে প্রথম দফায় সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছিলো।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব-২ ছিলেন ডিউক।
২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র বিশেষ সুপারিনটেনডেন্ট আবদুল কাহহার আকন্দ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিউককে ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।"
তিনি জানান, এই মামলায় ইতিপূর্বে যাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিউককে ডেকে জিজ্ঞাসবাদ করা হয়। দু'দিনের জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।
ডিউককে বৃহস্পতিবারই আদালতে পাঠিয়ে আরো জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলেও জানান আবদুল কাহহার আকন্দ।
সিআইডি'র একটি সূত্র জানায়, ডিউককে মঙ্গলবার প্রথম দফায় জিজ্ঞাসাবাদের সময় তার পাসপোর্ট জব্দ করা হয়।
সূত্রটি আরো জানায়, চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে ডিউকের ভায়রা সাইফুল ইসলাম জোয়ার্দার একটি গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে ছিলেন। বর্তমানে তিনি দেশের বাইরে আছেন।
অভিযোগ রয়েছে, সাইফুল জোয়ার্দার গ্রেনেড হামলায় সন্দেহভাজন পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন আহমেদকে দেশের বাইরে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন।
তাজউদ্দিন বিএনপি নেতা এবং একই মামলায় গ্রেপ্তারকৃত আসামি সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১৩০০ ঘ.
bdnews24