২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটিজম বিষয়ে জনসচেতনতা সৃষ্টির আহ্বান পুতুলের

অটিজম বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদ পুতুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 04:27 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অটিজম বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদ পুতুল। মঙ্গলবার অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিতা বিষয়ে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। 'অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুর অভিভাবক ও সেবা কর্মীর দায়িত্ব ও কর্তব্য: রাষ্ট্রের ভূমিকা' শীর্ষক এ সভার আয়োজন করে জাতীয় প্রতিবন্ধী ফোরাম। রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাণ্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিজ) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল বলেন, "অটিস্টিক এবং বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজেরই অংশ। কিন্তু তাদেরকে আমরা না বুঝে অবহেলা করি। সচেতনতা না থাকাই এর কারণ। এজন্য এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।" এজন্য অভিভাবক, চিকিৎসক ও সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে এসব শিশুদের সহযোগিতার জন্য একটি 'সহায়তাকারী দল' গঠনের দাবি জানান পুতুল। পাশাপাশি শিক্ষক, চিকিৎসকসহ পেশাজীবীদের প্রশিক্ষণ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। পুতুল বলেন, "সমাজের অনেক শিক্ষিত মানুষের মাঝেও এ বিষয়টি সম্পর্কে সঠিক ধারণা নেই। এটি বদলাতে হবে।" দেশে এ বিষয়ে কাজ করতে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, "আপনাদের সহযোগিতা চাই। আশা করি আমার মাও সহযোগিতা করবেন।" সাংবাদিক বেবী মওদুদ বলেন, "অটিজম বিষয়ক একটি বিশেষ হাসপাতালসহ দেশের সব হাসপাতালে এসব শিশুদের জন্য পৃথক একটি ইউনিট চালু করা প্রয়োজন।" এছাড়া এসব শিশুদের হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার দাবি জানান তিনি। জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম বলেন, অটিজম সম্পর্কে সচেতনতা র্সষ্টিতে প্রতিবন্ধী ফোরাম কাজ করছে। এ ব্যাপারে সরকারের সহযোগিতার পাশাপাশি আরো উদ্যোগ গ্রহণ করতে হবে। অটিজম ওয়েলফেয়ার ফাউণ্ডেশনের চেয়ারপারসন ডা. রওনাক হাফিজ বলেন, অটিজম হলো শিশুর মস্তিষ্ক বিকাশের প্রতিবন্ধকতা। অটিজম কোনো মানসিক রোগ কিংবা মানসিক প্রতিবন্ধিতা নয়। অটিজমে আক্রান্ত শিশুরা সাধারণত যোগাযোগ, সামাজিক ও আচরণগত দক্ষতার ক্ষেত্রে বয়সের তুলনায় পিছিয়ে থাকে। আর যেসব শিশুর বুদ্ধিমত্তা তুলনামূলকভাবে কম তাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী বলা হয়। এসব শিশু সামাজিক আচরণের সঙ্গে নিজেদের মানিয়ে চলতে পারে না। সাংবাদিক বেবী মওদুদের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন-সমাজকল্যাণ সচিব কামরুন্নেসা খানম, যুগ্ম-সচিব নাসিমা বেগম, সেনাবাহিনী পরিচালিত অটিজম বিষয়ক স্কুল 'প্রয়াস' এর অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ফকরুল আহসান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউণ্ডেশনের মহাপরিচালক কাজী মোহাম্মদ নুরুল কবির, ডা. শামীম মতিন চৌধুরী, ডা. শাহীন আক্তার, ডা. শামীম ফেরদৌস, রাবেয়া সুলতানা, অধ্যাপক মাহমুদ আহমেদ চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২২২০ ঘ.