২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতি মাথায় রেখে সংবিধান সংশোধন: সুরঞ্জিত

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি দেশের চলমান 'রাজনৈতিক পরিস্থিতি' বিবেচনা করে চূড়ান্ত সুপারিশ পেশ করবে বলে জানিয়েছেন এর কো-চেয়ারপার্সন সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি দেশের চলমান 'রাজনৈতিক পরিস্থিতি' বিবেচনা করে চূড়ান্ত সুপারিশ পেশ করবে বলে জানিয়েছেন এর কো-চেয়ারপার্সন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি আরো বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের মধ্যে অসঙ্গতি খুঁজে পেয়েছে কমিটি। মঙ্গলবার সংসদ ভবনে বিশেষ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সংবিধান সংশোধনে এর প্রতিটি অনুচ্ছেদ নিয়ে আলোচনার জন্য আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর কমিটি বৈঠকে বসবে বলে জানান তিনি। তিনি বলেন, "হাইকোর্ট ও আপিল বিভাগের দেওয়া রায় দু'টিতে কিছু প্রস্তাবনা, নির্দেশনা, পর্যবেক্ষণ, মন্তব্য ও অসঙ্গতি রয়েছে। যত শিগগির সম্ভব চূড়ান্ত সুপারিশ তৈরি করবে কমিটি। যদিও সংসদে প্রতিবেদন দাখিলের ব্যাপারে বিশেষ কমিটিকে কোনো সময়সীমা বেধে দেওয়া হয় নি।" ১৫ সদস্যের এই বিশেষ কমিটি আদালতের রায়ের প্রতিটি অনুচ্ছেদ খতিয়ে দেখবে বলে জানান তিনি। "দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের সুপারিশমালা প্রস্তুত করব। পরে তা সংসদে পেশ করব", বলেন সুরঞ্জিত। তবে 'বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি' বলতে কী বুঝিয়েছেন তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে ব্যাখ্যা করেন নি তিনি। ১৯৭২ সালের মূল সংবিধানে পঞ্চম সংশোধনী এনে জিয়াউর রহমান তাতে 'বিসমিল্লাহির রাহমানির রহিম' অন্তর্ভুক্ত করেন। ১৯৭৫ সালের নভেম্বরে জেনারেল জিয়াউর রহমান সামরিক ফরমান জারি করে সংবিধানের মূল চরিত্রের পরিবর্তন করেন। পঞ্চম সংশোধনী যুদ্ধাপরাধী ও ধর্মভিত্তিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ করে দেয়। ১৯৭২ সালের সংবিধানে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনে জড়িতদের রাজনীতি করার অধিকার দেওয়া হয় নি। ১৯৭৫ সালে ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। গত ২১ জুলাই সরকার আপিল বিভাগের রায়ের আলোকে সংবিধান সংশোধনে ১৫ সদস্যের বিশেষ কমিটি গঠন করে। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে ২০০৫ সালের ২৯ আগস্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। রায় স্থগিতে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার আবেদন করলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার সে আবেদন প্রত্যাহার করে নেয়। এরপর বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামী সমর্থক তিন আইনজীবী আপিলের আবেদন করেন। গত ২ ফেব্র"য়ারি এই আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ। গত ২৭ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের ওই রায় বহাল রেখে রায় দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিবি/জেবি/এইচএ/২১১৮ ঘ.