নারায়ণগঞ্জ, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপারীদের ব্যাপারে জাতীয় পার্টির অবস্থান সুস্পষ্ট বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের।
সোমবার নারায়ণগঞ্জে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি বলেন, "জাতীয় পার্টি যুদ্ধাপরাধীদের বিচার চায়। আমাদের অবস্থান মৌলবাদীদের বিরুদ্ধে।"
বঙ্গবন্ধুকেই জাতীয় পার্টি জাতির পিতা হিসেবে মেনে নিয়েছে বলেও জানান জাতীয় পার্টির (এরশাদ) এই ভাইস চেয়ারম্যান।
নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টারে আয়োজিত পার্টির এই দ্বি-বার্ষিক সম্মেলনে জিএম কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১০ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হল।
আগামী দুই বছরের জন্য জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে আবু জাহের ও আকরাম আলী শাহিন।
দলের জেলা আহবায়ক মহিউদ্দিন মো. আলতাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়ামের সদস্য সাংসদ নাসিম ওসমান, চেয়ারম্যানের উপদেষ্টা বাদল খন্দকার, যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন, জহিরুল ইসলাম জহির, আলমগীর শিকদার লোটন, যুব সংহতির কেন্দ্রীয় সদস্য সচিব আমিনুল ইসলাম ঝন্টু প্রমুখ।
এর আগে জিএম কাদের জাতীয় পতাকা এবং এবিএম রুহুল আমিন হাওলাদার ও নাসিম ওসমান দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন। পরে তারা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৭ ঘ.
bdnews24