চট্টগ্রাম, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচন বাতিলে সাবেক মেয়রের করা মামলা বাতিলের আবেদন জানিয়েছেন কর্পোরেশনের বর্তমান মেয়র।
নির্বাচনী ট্রাইব্যুনালে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর করা মামলা বাতিলে মঙ্গলবার ট্রাইবুনালের বিচারক ও চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ গোলাম ফারুকের আদালতে আবেদন জানান মনজুর আলম। এসময় বাদী মহিউদ্দিন চৌধুরীর আইনজীবিরাও মৌখিকভাবে এ বাতিল আবেদনে আপত্তি জানান।
আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে মামলা বাতিল আবেদন বিষয়ে বাদীপক্ষকে লিখিতভাবে আপত্তি জানাতে বলে ১ সেপ্টেম্বর শুনানীর দিন নির্ধারণ করেছে।
নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে বিজয়ী প্রার্থী এম মনজুর আলমকে অবৈধ ঘোষণা ও নির্বাচন বাতিল বা নিজেকে বিজয়ী ঘোষণার দাবি জানিয়ে ১৮ জুলাই মহিউদ্দিনের পক্ষে মামলা তার ছেলে ব্যারিস্টার চৌধুরী মহিবুল হাসান নওফেল।
মামলার এজাহারে এম মনজুর আলমের মালিকানাধীন একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দায়ের করা মামলায় ১৭ লক্ষ ২৩ হাজার ৫শ টাকা জরিমানা আদায়ের বিষয়টি হলফনামায় উল্লেখ না করা, নির্বাচন বিধিমালা ভঙ্গ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়।
মামলায় আদালত মনজুরকে বক্তব্য জানাতে এক মাস সময় দিয়ে মঙ্গলবার প্রথম শুনানীর দিন ধার্য করেছিল।
মঙ্গলবার মনজুর আলমের পক্ষে আইনজীবী নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী এ ধরনের মামলা বাদী সরাসরি হাজির হয়ে করতে হয়। এক্ষেত্রে অন্য একজন মামলা দায়ের করেছে।
হলফনামায় তথ্য গোপনের যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন দাবি করে নূরুল ইসলাম বলেন, "বিদ্যুৎ বিভাগের বকেয়া বিল সংক্রান্ত যে মামলা নিয়ে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ করা হয়েছে সেটি অনেক আগে বিদ্যুৎ বিভাগই প্রত্যাহার করে নিয়েছে।"
মামলা বাতিলের আবেদনের বিষয়ে এবিএম মহিউদ্দিন চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুধু কালক্ষেপণ করে মামলাটিকে দীর্ঘসূত্রিতায় ফেলার জন্যই এ আবেদন করা হয়েছে।"
মামলায় মনজুরকে প্রধান করে মেয়র পদে নির্বাচন করা অন্য ছয় প্রার্থীকেও বিবাদী করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারকে মোকাবিলা বিবাদী করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৭ জুনের নির্বাচনে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় ৯৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন এম মনজুর আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/পিডি/২০০৬ ঘ.
bdnews24