শিহাবউদ্দিন কিসলু
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে যুক্তরাষ্ট্র সরকারের মনোভাব 'ইতিবাচক'।
ওয়াশিংটনে ২৪ ঘণ্টার সফর শেষে নিউ ইয়র্কে ফিরে বৃহস্পতিবার তার হোটেল কক্ষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক একান্ত সাক্ষাৎকারে একথা জানান তিনি।
বুধবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে শামসুল হক টুকু ও রাষ্টদূত আকরামুল কাদের দীর্ঘ দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন।
প্রতিমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তার কানাডা সফর প্রাথমিকভাবে 'সফল' হয়েছে।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রসহ যেসব দেশে খুনিরা পালিয়ে রয়েছে, সেসব দেশের সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া যতো দ্রুত সম্ভব শেষ করে খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত বছরের ১৯ নভেম্বর বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামি বজলুল হুদা, সৈয়দ ফারুক রহমান, মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিনের আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ।
এরপর চলতি বছরের ২৮ জানুয়ারি পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর সাতজনের মধ্যে আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, মোসলেমউদ্দিন, রাশেদ চৌধুরী ও আব্দুল মাজেদ বিদেশে পালিয়ে আছেন। তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের পরোয়ানা রয়েছে। দণ্ডিত অপরজন আব্দুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান।
প্রতিমন্ত্রী যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
শামসুল হক টুকু তার কানাডা ও যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে আরো জানান, এই দুই দেশের কারাগার ব্যবস্থা সম্পর্কে জানতে তাদের কারাগার পরিদর্শন করেছেন তিনি। বাংলাদেশের কারাগার ব্যবস্থার উন্নয়নে কেরানীগঞ্জে নতুন কারাগার স্থাপন এবং অপরাধীদের পুনর্বাসনে সেখানে কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
তিনি বলেন, "সব অপরাধী জঙ্গি বা সন্ত্রাসী নয়। মানুষ হিসেবে অপরাধীদেরও অধিকার রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এইচএ/১৬৩৪ ঘ.
bdnews24