২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদেরও বিচার হবে: নানক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদেরও বিচার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 01:32 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদেরও বিচার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। নানক বলেছেন, "বঙ্গবন্ধু হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।" ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার বিকালে মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় নানক এ কথা বলেন। তিনি বলেন, "বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার দুর্নীতিবাজ দুই পুত্র এবং যুদ্ধাপরাধীদের বিচার হোক, তা চান না। এজন্য তিনি আন্দোলনের নামে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র শুরু করেছেন।" নানক আরো বলেন, "যারা ২১ অগাস্ট গ্রেনেড হামলা চালিয়েছিলো এবং ১০ ট্রাক অস্ত্র দেশে ঢুকিয়ে দেশকে আফগানিস্তান ও পাকিস্তান বানাতে চেয়েছিলেন তাদের বিচার করা হবে।" যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/১৯১৯ঘ.