ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বুধবার দুপুরে রাজধানীতে বিএনপি দলীয় সাংসদরা মানববন্ধন করেছে।
মানববন্ধন শেষে দলের জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমেদ সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্যে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার কোনো ক্ষতি হয়নি। বরং দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। আমরা আজ ওই অশোভন বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।"
তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী কোনো দলের নয়, দেশের প্রধানমন্ত্রী। তার কাছ থেকে মানুষ এরকম অশোভন বক্তব্য আশা করে না।"
গত ১ অগাস্ট ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের সামনে কৃষক দলের আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্যে করে বলেছেন, "নাকে খত দিয়ে জনগনের কাছে বলুন, আর দুর্নীতি করবেন না।"
দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি দলীয় ১৬ জন সাংসদ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। তারা আধা ঘন্টা মানববন্ধন করেন।
এই কর্মসূচিতে আরও ছিলেন বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, জাফরুল ইসলাম চৌধুরী, জয়নাল আবেদিন, আবুল খায়ের ভূঁইয়া, আবদুল মমিন তালুকদার, এ কে এম হাফিজুর রহমান, নাজিম উদ্দিন আহমেদ, জেড আই এম মোস্তফা, আমজাদ হোসেন, রেহানা আখতার রানু, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, নীলুফার ইয়াসমিন মনি, সাম্মী আখতার, রাশেদা বেগম হীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪১১ ঘ.
bdnews24