২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানের পর নতুন কর্মসূচি দেওয়া হবে: খালেদা

ভারতের সঙ্গে ঋণ চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, "এটি জাতীয় স্বার্থ বিরোধী আরেকটি গোলামী চুক্তি। এই চুক্তি দেশের মানুষ মানে না, মানবে না। বিস্তারিত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 12:54 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে ঋণ চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, "এটি জাতীয় স্বার্থ বিরোধী আরেকটি গোলামী চুক্তি। এই চুক্তি দেশের মানুষ মানে না, মানবে না।" নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য কমানোসহ জনগনের সমস্যা সমাধান না করতে পারলে রমজানের পর সরকারের বিরুদ্ধে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি। পল্টন ময়দানে গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন। ৩৫মিনিট বক্তব্য শেষে খালেদা জিয়ার নেতৃত্বে গণমিছিল পল্টন ময়দান থেকে মগবাজারের উদ্দেশ্য যাত্রা শুরু করে। সাদা পাজেরো জীপে চড়ে তিনি মিছিলে নেতৃত্ব দেন। তিনি হুড খোলা জীপে দাঁড়িয়ে হাত নেড়ে দুই পাশে দাঁড়ানো মানুষের অভিনন্দনের জবাব দেন। রাজধানী ঢাকার সবগুলো ওয়ার্ড থেকে নেতা-কর্মী-সমর্থকরা গণমিছিলে ব্যানার-ফেষ্টুন-প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়। পল্টন ময়দানে খালেদা জিয়ার গাড়িবহরের অবস্থানের সময় মিছিলের সামনের ভাগ ছিলো দৈনিক বাংলার মোড়ে এবং পেছনের অংশ ছিলো জিরো পয়েন্টের কাছে। মিছিলের অগ্রভাগে ছাত্রদল ও মহিলা দল এবং শেষ ভাগে ছিলো বিভিন্ন ওয়ার্ডের মহানগর কমিটি। গণমিছিলে অংশগ্রহন কারীরা 'খালেদা জিয়া এগিয়ে চলো, সারাদেশ তোমার সাথে', অবিলম্বে চাল-ডাল-তেলের দাম কমাতে হবে, নইলে গদি ছাড়তে হবে', 'মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না' ইত্যাদি শ্লোগান দেয়। গণমিছিলটি বিকাল ৫টা ৫৫ মিনিটে শুরু হয়ে রাজউক এভিনিউ, দৈনিক বাংলা মোড়, নয়া পল্টন সড়ক, কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজারে গিয়ে সন্ধ্যা ৭ টায় শেষ হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, বিদ্যুৎ-গ্যাস-পানি সমস্যার সমাধান, আইনশৃঙ্খলার অবনতি রোধ, ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাতিলসহ ১৩ দফা দাবি আদায়ে বিএনপি গণমিছিল কর্মসূচি দেয়। সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া বলেন, "স্বাধীনতার পর আওয়ামী লীগ ২৫ বছরের গোলামী চুক্তি করেছিলো। এবারও তারা আরেকটি গোলামী ও অসম চুক্তি করে জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। এ চুক্তি দেশের মানুষ মানে না। অবিলম্বে ঋণ চুক্তি বাতিল করুন।" ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে দেশ শৃঙ্খলিত হবে উল্লেখ করে তিনি এর বিরুদ্ধে জনগনকে রুখে দাঁড়ানোর আহবান জানান। ভারতের সঙ্গে সম্পাদিত এই ঋণ চুক্তির জন্য দেশের মানুষকে কঠিন খেসারত দিতে হবে বলে তিনি মন্তব্য করেন। গত ৭ অগাস্ট ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির উপস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা চুক্তি সই হয়। বেগম জিয়া সরকারের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এই সরকারের ২০ মাসে দেশে কোনো উন্নয়ন হয়নি। নির্বাচনের আগে মানুষকে কম মূল্যে চাল খাওয়ানোসহ প্রতিশ্র"ত কোনো অঙ্গীকারই তারা বাস্তবায়ন করেনি। তিনি বলেন, "এজন্য আমরা জনগনের দাবি নিয়ে গণমিছিল করছি। সংসদে এ বিষয়ে কথা বলতে দেওয়া হয় না। জাতীয় সংসদকে সরকারি দল মাছের বাজার ও চিড়িয়াখায় পরিণত করেছে। এখানে জনগনের সমস্যা নিয়ে আলোচনা হয় না।'' চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে বিরোধী দলীয় নেতা বলেন, "এ সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এটা বুঝতে পেরে তারা বিরোধী দলের ওপর নির্যাতন ও দমন পীড়ন করছে। কথা বললে মিথ্যা মামলা দিচ্ছে।" খালেদা জিয়ার বক্তব্য শেষ হওয়ার পরপরই গণমিছিল শুরু হয়। এ মিছিলে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতৃবৃন্দ, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাংসদগন অংশ নেন। গণমিছিলের জন্য কাকরাইল, মতিঝিল, পুরানা পল্টন, রামপুরাসহ বিভিন্ন সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী বাসের জন্য অগনিত মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৯৫০ ঘ.