২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে ইফতারে আমন্ত্রণ খালেদার

ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 09:42 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসনের উদ্যোগে আগামী ১৭ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ইফতার পার্টি হবে রাজনৈতিক দলের নেতাদের সম্মানে। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, "রাজনীতিবিদদের সম্মানে এই ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিরোধী দলীয় নেতার আমন্ত্রণ পত্রটি তার একান্ত সচিব সালেহ আহমেদ দুপুর সাড়ে ১২ টায় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ সেলিমা বেগমের কাছে পৌঁছে দিয়েছেন। মারুফ কামাল খান আরও জানান, এই ইফতার পার্টিতে আওয়ামী লীগসহ মহাজোটের নেতা ও মন্ত্রিসভার সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া সব রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজানের পঞ্চম দিনে গণভবনে ইফতার মাহফিলে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণপত্রটি রোববার প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার প্রলয় কুমার জোয়ার্দার সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার একান্ত সচিবের কাছে পৌঁছে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৫২৭ ঘ.