২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে ঋণ চুক্তি করবেন না: বিএনপি

ভারতের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা চুক্তি সম্পাদন থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহবান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। বিস্তারিত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 12:30 PM

Updated : 25 Aug 2022, 05:40 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা চুক্তি সম্পাদন থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহবান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।(বিস্তারিত) শনিবার ভারতীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জীর ঢাকা সফরকালে তার উপস্থিতিতে সেদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন এক্সিম ( এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব ইন্ডিয়া) ব্যাংকের সঙ্গে সরকারের এই ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। শুক্রবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চুক্তির বিরোধিতা করে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। লিখিত বক্তব্যে তিনি বলেন, "এই চুক্তি দেশের জন্য মর্যাদাহানিকর ও জাতীয় স্বার্থবিরোধী। এ ধরনের চুক্তি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।" সেইসঙ্গে এধরনের চুক্তি সংসদ ও জনসমক্ষে প্রকাশ ও এ বিষয়ে উন্মুক্ত জাতীয় বিতর্কের আহবান জানান এম কে আনোয়ার। লিখিত বক্তব্যে বলা হয়, এই ঋণের অর্থে বাংলাদেশ ১৭ টি প্রকল্প বাস্তবায়ন করবে ভারতের স্বার্থে। সেদশের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করার উপযোগী সড়ক ও রেলপথ, স্থলবন্দর ইত্যাদি তৈরি করা হবে। বাংলাদেশের জনগণের টাকায়ই ভারত তাদের স্বার্থে এই কাঠামোগুলো বানিয়ে নেবে বর্তমান আওয়ামী মহাজোটের সরকারের হাত দিয়ে। এ বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় ভারতীয় প্রধানমন্ত্রী মানমোহন সিং বাংলাদেশকে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দেন। ওই সময় দুই দেশের মধ্যে ৫০ দফা যৌথ ইশতেহারও স্বাক্ষরিত হয়। সংবাদ সম্মেলনে এম কে আনোয়ার সই হতে যাওয়া এই ঋণ চুক্তির প্রতিবাদ করে বলেন, "অন্য একটি দেশের বেসরকারি ব্যাংকের (এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব ইন্ডিয়া ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংক) কাছ থেকে বাংলাদেশ সরকারের এভাবে ঋণ নেওয়া এবং চুক্তি সই করাটা মর্যাদাহানিকর। এতে দেশের জনগণের সঙ্গে আমরাও অসম্মান বোধ করছি।'' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সইয়ের আগেই এর প্রতিবাদ জানাচ্ছি। চুক্তি করলে আমরা আন্দোলন করব।'' বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক এই মন্ত্রী দাবি করেন, ভারত চড়া সুদে বাংলাদেশকে এই ঋণ দিচ্ছে। এর শর্ত খুব কঠিন এবং শোধের মেয়াদও অতি 'সংকীর্ণ'। দেশের মানুষ এ ধরনের ঋণের 'কঠিন শর্তের বেড়াজালে' বাধা পড়বে। বিশ্বব্যাংক, এডিবির তুলনায় ৭ গুণ বেশি সুদে এই ঋণ নিচ্ছে সরকার। তিনি অভিযোগ করেন, এ ক্ষেত্রে সরকার ভারতের এক্সিম ব্যাংকের কাছ থেকে ১ দশমিক ৭৫ শতাংশ হারে সুদ দেয়ার শর্তে ঋণ নিচ্ছে। সুদের বাইরেও বাংলাদেশকে দশমিক ৫ শতাংশ হারে কমিটমেন্ট ফি দিতে হবে এক্সিম ব্যাংককে। ৪০ বছরের সময়সীমার মধ্যে ঋণ পরিশোধ করতে না পারলে আরো দুই শতাংশ হারে জরিমানার শর্তও জুড়ে দিয়েছে ভারত। এই চুক্তিতে ভারতই বহুমুখী সুবিধা পাবে। অবশ্য ভারতের অর্থমন্ত্রী ও প্রভাবশালী কংগ্রেস নেতা প্রণব মুখার্জীর এবারের ঢাকা সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি। এ ব্যাপারে লিখিত বক্তব্যে বলা হয়, "আমরা তাকে নিশ্চয়ই ঢাকায় স্বাগত জানাই। বৈরিতা নয়, ভারতের সঙ্গে অবশ্যই সৎ প্রতিবেশি সুলভ সুসর্ম্পক আমরা চাই। তবে সে সর্ম্পক হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে পারস্পরিক স্বার্থ বজায় রেখে।'' সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সহসভাপতি শমসের মবিন চৌধুরী ও বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯২১ ঘ.