২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু পরিবারের নামে সংগঠনের ব্যাপারে সতর্ক থাকুন: ওবায়দুল

বঙ্গবন্ধু, শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং তাদের পরিবারের অন্য সদস্যদের নামে গজিয়ে উঠা নানা ভূঁইফোড় সংগঠনের চাঁদাবাজি থেকে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 08:30 AM

Updated : 25 Aug 2022, 05:41 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু, শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং তাদের পরিবারের অন্য সদস্যদের নামে গজিয়ে উঠা নানা ভূঁইফোড় সংগঠনের চাঁদাবাজি থেকে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচন সভায় বক্তব্য রাখার সময় তিনি এ আহ্বান জানান। হাইতি, সোমালিয়া, আফগানিস্তানের মতো অকার্যকর রাষ্ট্র হওয়ার হাত থেকে দেশকে বাঁচাতে বিরোধী দলের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, "এ দেশ বহু ত্যাগ ও সংগ্রামের ফল। এদেশকে আমরা হাইতি, সোমালিয়া বা আফগানিস্তান প্রভৃতি দেশের মতো অকার্যকর হতে দিতে পারি না। এ জন্য সরকারকে দুর্বল করতে দেশের স্বার্থ বিরোধী কোন কাজ করা বিরোধী দলের উচিত হবে না।" তিনি আরো বলেন, "দেশ দুর্বল হলে এদেশের সব মানুষ দুর্বল হয়ে যাবে। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা দুর্বল দেশের প্রতিনিধিত্ব করবে।" ওবায়দুল কাদের আলোচনা সভায় বঙ্গবন্ধু, শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং তাদের পরিবারের অন্য সদস্যদের নামে গজিয়ে উঠা নানা ভূঁইফোড় সংগঠনের চাঁদাবাজি থেকে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সারা দেশে নানা নামে এরকম বিভিন্ন সংগঠন ২৬ মার্চ, ১৫ আগস্ট, ১৬ ডিসেম্বর পালনে মেতে উঠে। "আন্দোলনে সংগ্রামে না থাকলেও সুবিধা হাতিয়ে নিতে এরা ওস্তাদ।" অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, "যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে জামায়াতের চেয়ে বিএনপি বেশি সোচ্চার। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পক্ষে বিবৃতি দেওয়া, কোর্টে আইনি সহায়তা দেওয়া ইত্যাদি কাজ জামায়াতের চেয়ে বিএনপিই বেশি করছে।" আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/কেএমএস/১৪২০ ঘ.