ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের ভেতরে-বাইরে কথা বললেই মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার সকালে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করে তিনি বলেন, "আগামী ৯ আগস্ট পল্টন ময়দানের গণমিছিলের কর্মসূচি থেকে এর জবাব দেওয়া হবে।"
নজরুল ইসলাম খান বলেন, "সংসদের ভেতরে বিরোধী দলীয় চিফ হুইপ কথা বলেছিলেন বলে তার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এখন সংসদের বাইরে রাজপথে কথা বলেছেন বলে আমাদের দলের মহাসচিবসহ তিন নেতার বিরুদ্ধে একই কায়দায় বিভিন্ন স্থানে মামলা দেওয়া হচ্ছে। এভাবে মামলা দিয়ে সরকার বিরোধী দলের মুখ বন্ধ রাখতে চায়।''
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে এই সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পনের পর নজরুল ইসলাম খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, "বর্তমান সরকার গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন চালাচ্ছে। তারা কোনো সমালোচনা সহ্য করতে নারাজ। জনগনের পক্ষে কথা বললেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে নির্যাতন চালানো হচ্ছে। এটা কোনো গণতান্ত্রিক ও কল্যাণমুখী সরকারের কাজ হতে পারে না।"
তিনি বলেন, "৯ আগস্ট শান্তিপূর্ণ গণমিছিলের কর্মসূচি থেকে সরকারের এসব কর্মকান্ডের জবাব দেওয়া হবে। আমরা আশা করছি, সরকার আমাদের এই কর্মসূচিতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।"
নজরুল ইসলাম খান আরও বলেন, "সরকার চিকিৎসা ব্যবস্থাকে দলীয়করণ করে ফেলেছে। গত দেড় বছরে ৩২ জন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসককে চাকুরিচ্যুত করা হয়েছে। বিএনপিকে সমর্থন করে বলে শতাধিক চিকিৎসককে সাময়িক বরখাস্ত এবং সহস্রাধিক চিকিৎসককে নানা স্থানে বদলি করা হয়েছে। বর্তমান সরকার এভাবে দলীয়করণ করে দেশের চিকিৎসা ব্যবস্থাকে স্থবির করে দিচ্ছে।"
সরকারের এরূপ নীতির কঠোর সমালোচনা করেন তিনি।
১৯৮৯ সালের ৬ আগস্ট বিএনপির অঙ্গসংগঠন হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব প্রতিষ্ঠা হয়।
জিয়ার কবরে পুস্পমাল্য অর্পনের সময় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ড্যাব এর সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সহসভাপতি শহীদুল আলম, রফিকুল কবির লাবু, শেখ আব্বাস উদ্দিন, আতিকুর রহমানসহ শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।
পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১২৫৩ ঘ.
bdnews24