২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জামায়াত নেতা তাহেরের বক্তব্য রাষ্ট্রের প্রতি প্রচ্ছন্ন হুমকি'

'যথাসময়ে সরকারের বিরুদ্ধে রিজার্ভ ফোর্স প্রয়োগ করা হবে'- জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এমন বক্তব্যকে রাষ্ট্র, জনগণ এবং আইনের শাসনের প্রতি 'প্রচ্ছন্ন হুমকি' বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 10:37 AM

Updated : 25 Aug 2022, 05:37 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'যথাসময়ে সরকারের বিরুদ্ধে রিজার্ভ ফোর্স প্রয়োগ করা হবে'- জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এমন বক্তব্যকে রাষ্ট্র, জনগণ এবং আইনের শাসনের প্রতি 'প্রচ্ছন্ন হুমকি' বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। (বিস্তারিত) তিনি এই ঘটনায় সারাদেশের প্রতিটি থানায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাধারণ ডায়েরি করে রাখার অনুরোধ জানান। জামায়াত নেতা তাহেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নেতা মওদুদ আহমদের উপস্থিতিতে বুধবার প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে জামায়াত নেতা তাহের বলেছেন, "আমরা রাষ্ট্র অচল করে দেওয়ার সামর্থ্য রাখি। কিন্তু কৌশলগত কারণে তা করছি না। আমাদের শক্তি আছে এবং আরো শক্তি সঞ্চয় করছি। যথাসময়ে রাষ্ট্র এবং বিশেষ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" কামরুল ইসলাম এর জবাবে বলেন, "আবদুল্লাহ তাহের যে বক্তব্য দিয়েছে, তাকে আমরা প্রচ্ছন্ন হুমকি হিসেবে মনে করছি। এটা রাষ্ট্র, জনগণের ও আইনের শাসনের প্রতি হুমকি। এই বক্তব্য মানুষ খুন করার অগ্রীম হুমকিস্বরূপ। এ কারণে যদি কোনো খুন হয় বা হামলার ঘটনা ঘটে কিংবা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকান্ড চলে, এর জন্য জামায়াতের এই নেতাসহ ওই বৈঠকে উপস্থিত ব্যক্তিরা দায়ী থাকবে। " তিনি এ হুমকিকে হালকাভাবে না নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। আইন প্রতিমন্ত্রী যুদ্ধাপরাধের বিচারের সঙ্গে সংশ্লিষ্টদের ওপর হামলারও আশংকা করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, তাহেরের এ বক্তব্য যুদ্ধাপরাধের বিচারের সঙ্গে সংশ্লিষ্ট আইনমন্ত্রীসহ অন্যান্য কর্মকর্তাদের খুন করার হুমকি। এই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলাবাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান তিনি । এ ব্যাপারে মামলা করা হবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সরকার অবশ্যই এ বিষয়ে ব্যবস্থা নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/এইচএ/১৭২২ ঘ.