২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ার, রফিকুলের বিরুদ্ধে চট্টগ্রামে অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির অভিযোগে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ তিন শীর্ষ নেতার বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 10:10 AM

Updated : 25 Aug 2022, 05:34 PM

চট্টগ্রাম, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির অভিযোগে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ তিন শীর্ষ নেতার বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। খোন্দকার দেলোয়ার ছাড়া অভিযুক্ত অন্য দুই নেতা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও ভাইস প্রেসিডেন্ট শাহ মোয়াজ্জেম হোসেন। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউল আলম লিটন এ অভিযোগ দায়ের করেন। আদালত বৃহস্পতিবার এ অভিযোগের ওপর অধিকতর শুনানির দিন ধার্য করেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে গত ২৫ জুলাই রাজধানীর পল্টনে মুক্তাঙ্গনে অনুষ্ঠিত বিএনপি'র সমাবেশে প্রধানমন্ত্রীকে প্রাণনাশ ও সরকার উৎখাতের হুমকির অভিযোগ আনা হয়েছে। তিনি জানান, দণ্ডবিধির ৫০৬ (২) ও ১২০ (খ) ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। গত ২৫ জুলাই পল্টনের মুক্তাঙ্গনে অনুষ্ঠিত বিএনপির ওই সমাবেশে রফিকুল ইসলাম মিয়া ও শাহ মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে বক্তব্য রাখেন। ওই সমাবেশে রফিকুল ইসলাম মিয়া শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, "আপনার পরিণতি হবে আপনার বাবার মতো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/কেএমএস/১৬০৭ ঘ.