২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রফিকুল, মোয়াজ্জেমকে নোটিশ কেনো অবৈধ নয় কারণ দর্শাও

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনা তদন্তের জন্য পুলিশের নোটিশের কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 07:46 AM

Updated : 25 Aug 2022, 05:34 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনা তদন্তের জন্য পুলিশের নোটিশের কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনকে দেওয়া এই নোটিশটি কেনো অবৈধ ঘোষণা করা হবে না আগামী দুই সপ্তাহের মধ্যে তার কারণ জানানোর জন্য সরকার ও পুলিশের প্রতি রুল নিশি জারি করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান সমন্বয়ে গঠিত বেঞ্চ রফিকুল ও মোয়াজ্জেমের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এই আদেশ দেন। এর আগে গত দুই আগস্ট তারা হাইকোর্টে রিট আবেদনটি করার পর ওই দিন আদালত আবেদনটির ওপর শুনানিতে বিব্রত বোধ করে। গত ২৯ জুলাই পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিশ্বাসের দেওয়া নোটিশে বিএনপির ওই দুই নেতাকে ৩ আগস্ট পল্টন মডেল থানায় হাজির হতে বলা হয়। নোটিশে বলা হয় গত ২৫ জুলাই পল্টনের মুক্তাঙ্গনে বিএনপির এক বিক্ষোভ সমাবেশে রফিকুল ইসলাম মিয়া ও শাহ মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে বক্তব্য রাখেন। ওই সমাবেশে রফিকুল ইসলাম মিয়া শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, "আপনার পরিণতি হবে আপনার বাবার মতো।" নোটিশের বৈধতা নিয়ে রিটের উপর শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা। সরকার পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৩৪১ ঘ.