২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজার পর সরকার বিরোধী কর্মসূচি দেবে বিএনপি

জনদুর্ভোগ নিরসনে সরকার 'ব্যর্থ' হলে রোজার পর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 11:43 AM

Updated : 25 Aug 2022, 05:21 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনদুর্ভোগ নিরসনে সরকার 'ব্যর্থ' হলে রোজার পর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ ঘোষণা দেন। তিনি বলেন, "জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে নেতারা সবাই আন্দোলনের কর্মসূচির জন্য চাপ দিয়েছেন। ৯ আগস্ট আমাদের গণমিছিলের কর্মসূচি রয়েছে। রমজান মাসে সাংগঠনিক প্রস্তুতিমূলক কাজ করব। জনগণের সমস্যা সমাধানে সরকার ব্যর্থ হলে রমজানের পরই আন্দোলনের উপযুক্ত কর্মসূচি দেওয়া হবে।" নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে শনিবার জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাবনা তুলে ধরা হয়। শনিবার সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের কাউন্সিল হলে দলের নবগঠিত জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভা হয়। ১২ ঘন্টা স্থায়ী এই বৈঠকে ৬০ জন নেতা বক্তব্য রাখেন। নজরুল ইসলাম খান জানান, যেসব জেলা-উপজেলা ও থানায় দলীয় কার্যালয় নেই, সেখানে আগামী তিন মাসের মধ্যে দলীয় কার্যালয় স্থাপন এবং টেলিফোন-ফ্যাক্স লাইনের সংযোগ স্থাপনের সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। সেইসঙ্গে নেতা-কর্মীদের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ কর্মসূচি চালুর সিদ্ধান্ত হয়। এক প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, সরকার যুদ্ধাপরাধের বিচারকে 'রাজনীতিকীরণের' চেষ্টা করছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অপর এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান জানান, জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে দলের প্রতি কোনো ক্ষোভ নয়, সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নেতারা। তারা আন্দোলনের কর্মসূচি চেয়েছেন। জাতীয় নির্বাহী কমিটির ওই বৈঠকে গৃহীত দুই পৃষ্ঠার প্রস্তাবনায় বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে নির্যাতন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, নতজানু পররাষ্ট্রনীতি, গামের্ন্টসসহ বিভিন্ন খাতে অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করা হয়। এতে আরো বলা হয়, দেশি-বিদেশি চক্রান্ত ও সরকারের 'দায়িত্বজ্ঞানহীন' কথা ও কাজের কারণে দেশের উন্নয়নমুখী পোশাক ও চামড়া শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এসব খাতের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। বৈঠকের প্রস্তাবে অভিযোগ করা হয়, সরকার তার ব্যর্থতার দায় এড়াতে নতুন নতুন ইস্যু সৃষ্টি করে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এটা বন্ধ করে সরকারকে গণতান্ত্রিক আচরণ করার আহ্বান জানানো হয়। এছাড়া কারাবন্দি নেতা মির্জা আব্বাস, আবদুস সালাম পিন্টু, নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ আটক নেতাদের মুক্তির দাবি জানানো হয়। স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সরকারের 'হয়রানিমূলক মিথ্যা মামলা' দায়েরের নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে জাতীয় নির্বাহী কমিটি। সংবিধান সংশোধন বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, "এ বিষয়ে দলের সিনিয়র নেতারা আলোচনা করে পরে দলের অবস্থান জানাবেন।" সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, রিজভী আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭৫০ ঘ.