ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'আর দুর্নীতি না করতে' বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে 'নাকে খত' দিয়ে অঙ্গীকার করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
রোববার এক অনুষ্ঠানে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, "মানুষের জন্য কিছু করেন। নাকে খত দেন দিয়ে বলেন যে- আর দুর্নীতি করে সম্পদ বানাবেন না। দুর্নীতি আর জঙ্গীবাদের মদদ দেওয়ার জন্য জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে।" (বিস্তারিত)
১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে পুরো মাসব্যাপী কর্মসূচীর প্রথম দিন রোববার সকালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আন্দোলনের ক্ষেত্র প্রস্তুতের নামে 'মানুষ হত্যা ও অরাজকতা' সৃষ্টির অপচেষ্টা বন্ধ করতে বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানান।
তিনি বিরোধী দলীয় নেতার উদ্দেশে বলেন, "হরতালের হুমকি দিচ্ছেন। মানুষ মেরে হরতালের ক্ষেত্র তৈরীর চেষ্টা চালাবেন না।"
শেখ হাসিনা আরো অভিযোগ করেন যে, ক্ষমতায় গিয়ে জনগণের অর্থ-সম্পদ লুট করতে না পারায় তারা (বিরোধী দল) এখন সরকার উৎখাতের ষড়যন্ত্র শুরু করেছে।
প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, "আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে, তা হলে তিনি (খালেদা জিয়া) যে ক্ষমতায় আসতে পারবেন এমন গ্যারান্টি আছে কি?"
তিনি আরো বলেন, "যারা দুর্নীতি, জঙ্গীবাদ ও সন্ত্রাসের মদদদাতা তাদেরকে জনগণ আর কখনই ক্ষমতায় আনবে না।"
'বিশৃঙ্খলা' সৃষ্টির অপচেষ্টা পরিহার করে জনগণের আস্থা অর্জনের চেষ্টা ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে বিরোধী দলকে পরামর্শ দেন শেখ হাসিনা।
রক্তদান কর্মসূচির আগে কৃষকলীগ সভাপতি মীর্জা আবদুল জলিলের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তৃতা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, কৃষকলীগ সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ আগস্ট মাসকে 'শোকের মাস' ঘোষণা করে মাসব্যাপী কর্মসূচী পালন করছে।
শনিবার প্রথম প্রহরে স্বেচ্ছাসেবক লীগ ধানমন্ডির ৩২ নম্বর সড়কে আলোর মিছিল করে এবং যুবলীগ বঙ্গবন্ধু জাদুঘর চত্বরসহ সব জেলা ও উপজেলায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এইচএ/১৬০০ ঘ.
bdnews24