ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণের মধ্য দিয়ে শনিবার মধ্যরাতে শোকের মাসের কর্মসূচি শুরু হয়েছে।
১৫ আগস্ট রাষ্ট্রীয়ভাবে পালিত হবে জাতীয় শোক দিবস।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনের ফাঁসির রায় কার্যকর হওয়ার পর অন্য এক তাৎপর্যের মধ্য দিয়ে এবার পালিত হবে শোকের মাস আগস্টের কর্মসূচি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করে একদল সেনা সদস্য। এরপর থেকেই আওয়ামী লীগ আগস্টকে শোকের মাস ঘোষণা করে নানা কর্মসূচি পালন করে আসছে।
অন্যদিকে ২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ দলের নীতিনির্ধারকদের উপস্থিতিতে বঙ্গবন্ধু এভিনিউর এক সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৩ জনের মৃত্যু হয়।
এরপর থেকে শোকের মাসের কর্মসূচিতে যোগ হয় সেই ঘটনাও।
শনিবার মধ্যরাতে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে স্বেচ্ছাসেবক লীগের আলোর মিছিল এবং বঙ্গবন্ধু জাদুঘর চত্বরসহ সব জেলা ও উপজেলা শহীদ মিনারে যুবলীগের মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শোকের মাসের কর্মসূচি শুরু হয়।
১ আগস্ট (রোববার) আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের উদ্যোগে ৩২ নম্বর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকাল ১০টায় এ রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।
এছাড়া সকাল ১০টায় শ্রমিক লীগের উদ্যোগে রাজধানীতে শোক র্যালি হয়েছে।
বিকাল ৪টায় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ধানমন্ডি ৩২ নম্বর সড়ক পর্যন্ত শোক র্যালির কর্মসূচি রয়েছে।
বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ মাসব্যাপী কালো ব্যাজ ধারণের কর্মসূচি নিয়েছে।
বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যুদণ্ডাদেশ অবিলম্বে কার্যকর করার দাবিতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২ আগস্ট সকাল ১০টায় সকল জেলায় শোক র্যালি অনুষ্ঠিত হবে।
জাতীয় শ্রমিক লীগ ৩ আগস্ট বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। বাপেক্স কর্মচারী শ্রমিক লীগ ৪ আগস্ট আলোচনা সভার আয়োজন করেছে।
৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাড়ে আটটায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সেই সঙ্গে সকাল সাড়ে ৯টায় বনানীতে শেখ কামালের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে।
দিনটি উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও নানা কর্মসূচি নিয়েছে। সেদিন বিকালে আবাহনী সমর্থক গোষ্ঠির উদ্যোগে আলোচনা সভা, সংবর্ধনা ও স্বর্ণ পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
৬ আগস্ট জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে।
যুব মহিলা লীগ এবং জাতীয় শ্রমিক লীগের আলোচন্ াসভা ৭ আগস্ট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইতালি, মালয়েশিয়া, সৌদি আরব ও কুয়েতসহ বিভিন্ন দেশে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে ৭ থেকে ১৪ আগস্ট পর্যন্ত।
৮ আগস্ট বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদনসহ আলোচনা সভার আয়োজন করবে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
৯ আগস্ট আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা বঙ্গবন্ধু এভিনিউয়ে। ১০ আগস্ট মহিলা আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা শ্রমিক লীগ, জাতীয় শ্রমিক লীগ, তাঁতী লীগ এবং ঢাকা মহানগর যুবলীগের পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১১, ১২ ও ১৩ আগস্ট আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে।
জাতীয় শোক দিবসকে সামনে রেখে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে। এরমধ্যে ১৪ আগস্ট সকালে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং মন্ত্রিপরিষদের সদস্যরা টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন।
১৫ আগস্ট বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হবে।
ওই দিন বনানী কবরস্থানে অন্য শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলের কর্মসূচি নেওয়া হয়েছে। বাদ আছর দেশের সব ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলায় মিলাদ মাহফিল, ইফতার এবং উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট।
এছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহদের স্মরণে দুই দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। ওই দিন সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং বিকাল ৫টা ২২ মিনিটে অস্থায়ী শহীদ বেদীর সামনে দাঁড়িয়ে ২ মিনিট নীরবতা পালন কর্মসূচি নেওয়া হয়েছে। সন্ধ্যায় গণভবনে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের পরিবারবর্গ ও আহতদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ এবং ইফতার অনুষ্ঠান।
২২ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া মাসব্যাপী আলোচনা সভা ছাড়াও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। ৩১ আগস্ট ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হবে শোকের মাসের কর্মসূচি।
অন্যদিকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করার নির্দেশনা জারি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/১২০৫ ঘ.
bdnews24