ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিরুদ্ধে বৃহত্তর গণঐক্যের মাধ্যমে আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করতে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহবান জানান।
খালেদা জিয়া বলেন, "ব্যর্থ সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তাই তারা বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দিচ্ছে। বৃহত্তর গণঐক্যের মাধ্যমে আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করতে সংগঠনকে শক্তিশালী করতে হবে।"
শনিবার সকাল ১০টা ২০ মিনিটে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা শুরু হয়। খালেদা জিয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন।
সভায় মূল মঞ্চে খালেদা জিয়া ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন। এদের মধ্যে রয়েছেন- আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, মাহবুুবুর রহমান, তরিকুল ইসলাম, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান প্রমুখ।
সভার উদ্বোধনী পর্বের শুরুতে দলের দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী শোক প্রস্তাব উপস্থাপন করেন। পরে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্বাগত বক্তব্য দেন।
বেলা ১১টায় উদ্বোধনী পর্ব শেষ হওয়ার পরপরই শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক।
উদ্বোধনী পর্বে খালেদা জিয়া দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, দলীয়করণ, আইন-শৃঙ্খলা, সন্ত্রাস, চাঁঁদাবাজি, দ্রব্যমূল্য, বিডিআর হত্যাকাণ্ড, সীমান্ত পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, বিনিয়োগ পরিস্থিতি, নতজানু পররাষ্ট্র নীতিনসহ জনগণের সমস্যা সমাধানে সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, "এ সরকার জনগণের কোনো সমস্যার সমাধান দিতে পারেনি। বরং সর্বত্র তারা জনগণের স্বার্থবিরোধী কাজ করছে। সরকারের এসব অপশাসন থেকে মুক্তি পেতে শক্তিশালী আন্দোলনের করতে হবে। তাদের ওইসব কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দিতে হবে।"
এজন্য বিএনপি চেয়ারপারসন এ সময় দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব ও পরামর্শ চান।
খালেদা জিয়া বলেন, "এই সভার প্রস্তাব ও পরামর্শ থেকে আমরা আগামী দিনের কর্মসূচি প্রণয়ন করবো। ''
বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও মামলা দেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।
গত বছরের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল অধিবেশনের মাধ্যমে দলের ৩৮৬ সদস্যে নতুন জাতীয় নির্বাহী কমিটি গঠিত হয়। এর মধ্যে কর্মকর্তার সংখ্যা ১২১ এবং সদস্য সংখ্যা ২৬৫ জন। কর্মকর্তাদের মধ্যে আছেন- সহসভাপতি, উপদেষ্টা কাউন্সিল, সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক,সম্পাদক ও সহ সম্পাদকবৃন্দ।
জাতীয় কাউন্সিলের পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রথম বৈঠক এটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১২২২ ঘ.
bdnews24