সাভার, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার বাজার বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে যুবলীগের নেতা-কর্মীরা।
শুক্রবার জুমার নামাজের পর কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক আবু আহমেদ নাসীম পাভেলের নেতৃত্বে এ সমাবেশে উপস্থিত ছিলেন পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক ফারুক খান চিশতী ও স্থানীয় শতাধিক নেতা-কর্মী।
মজিদপুর-ইমান্দিপুর সড়কে জলাবদ্ধতা দূরীকরন, বাসস্ট্যান্ড থেকে ব্যাংক টাউন পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা, ভাঙ্গা সড়ক সংস্কার ও লাইট পোষ্টে বাতি লাগানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ সমাবেশ করে। এর ফলে দুপুর সোয়া ২ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তির শিকার হয় যাত্রীরা।
এ প্রসঙ্গে যুবলীগ নেতা আবু আহমেদ নাসীম পাভেল বলেন, অবরোধ করে নয়, মহাসড়কে আমরা সমাবেশ করেছি।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফারুক হোসেন জানান, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে যুবলীগের বিক্ষোভ সমাবেশ চলায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬২৬ ঘ.
bdnews24