ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় দুদফা নামাজে জানাজা শেষে অ্যাম্বুলেন্সে করে নরসিংদীতে নিয়ে যাওয়া হচ্ছে বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার মরদেহ।
সেখানে গ্রামের বাড়ি শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের নিজ বাড়ির লিচু তলায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত রয়েছে জাতীয় সংসদের চারবারের এই সদস্য ও মুক্তিযোদ্ধার কফিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর নরসিংদী প্রতিনিধি জানিয়েছে, সাবেক মন্ত্রী মান্নান ভূঁইয়ার দাফনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে শিবপুর উপজেলার গ্রামের বাড়িতে। বুধবার বাদ আছর ধানুয়া গ্রামের নিজ বাড়ির লিচু তলায় তাকে দাফন করা হবে। এর আগে শিবপুর শহীদ আসাদ কলেজ মাঠে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ফুসফুস ক্যান্সারে আক্রান্ত মান্নান ভূঁইয়া মঙ্গলবার রাত ১২টা ২ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
১৯৪৩ সালের ১ মার্চ নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের আসাদ নগরে নানার বাড়িতে তার জন্ম।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বুধবার বেলা সোয়া ১১টায় প্রথম এবং বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মান্নান ভূঁইয়ার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টার দিকে বায়তুল মোকাররমে পৌঁছায় মান্নান ভূঁইয়ার মরদেহ। সেখানে বিপুল সংখ্যক মানুষ তার জানাজায় শরিক হয়।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে সেখানে প্রবীণ এই রাজনীতিকের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। দক্ষিণ প্লাজায় কালো কাপড় দিয়ে তৈরি একটি মঞ্চে রাখা হয় মরহুমের কফিন।
জানাজা শেষে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার আবদুল হামিদের পক্ষে চিফ হুইপ আব্দুস শহীদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মান্নান ভূঁইয়াকে শেষ শ্রদ্ধা জানান।
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী নেতা তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, বিএনপি নেতা মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ জানাজায় অংশ নেন।
মৃত্যুর পর স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা ছিলো মান্নান ভূঁইয়ার মরদেহ। সেখান থেকে বুধবার সকাল পৌনে ৭টার দিকে গুলশানের বাসায় পৌঁছায় তার কফিন। তখন সেখানে এক মর্মস্পর্শী অবস্থার সৃষ্টি হয়।
মরহুমের মরদেহ বাসার নিচ তলায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। খোলা হয় শোক বই।
গুলশানের বাসা থেকে বেলা ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায় মান্নান ভূঁইয়ার কফিন।
প্রবীণ এই রাজনীতিককে শেষ শ্রদ্ধা জানাতে সকালেই গুলশানের বাসায় ছুটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সিপিবি'র পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো, বিএনপি নেতা মাহবুবুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
চারদলীয় জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী মান্নান ভূঁইয়া টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন। পঞ্চম জাতীয় সংসদ থেকে শুরু করে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
তবে ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে তাকে দল থেকে বহিষ্কার করেন। এরপর ২০০৮ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/আরএ/এজে/১৪০৪ ঘ.
bdnews24