ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপি আগামী ৯ আগস্ট ঢাকায় গণমিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। পল্টন ময়দান থেকে এই কর্মসূচি শুরু হবে।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, "চলমান আন্দোলনের অংশ হিসেবে ৯ আগস্ট গণমিছিলের কর্মসূচি ঘোষণা করছি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এই কর্মসূচির ডাক দিয়েছেন। অতীতে এরকম গণমিছিল অনেক হয়েছে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালে এরকম গণমিছিল করেছে। ''
গণমিছিলের কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলে জানান বিএনপি মহাসচিব।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।
খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, সন্ত্রাস, সরকারের দমননীতি, দলীয় নেতাদের মুক্তির দাবিতে এই গণমিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে।"
তাদের এই কর্মসূচি পালনের ক্ষেত্রে সরকার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি অভিযোগ করে বলেন, "সরকার ২৫ জুলাই পল্টন ময়দানে বিএনপির প্রতীক গণঅনশন করতে দেয়নি। ৫ জুলাইয়ের মানববন্ধন কর্মসূচিতে পুলিশ বাঁধা দিয়েছে। এভাবে সরকার বিরোধীদলের কর্মসূচি যাতে না হয়, সে চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
বিএনপি মহাসচিব দেলোয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি'র ওপর আরোপিত ভ্যাট (মূসক) প্রত্যাহারের দাবিও জানান। তিনি বলেন, "সোমবার বনানী-মহাখালীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীদেরকে পুলিশ যেভাবে লাঠিপেঠা করেছে, তা দুভার্গ্যজনক। আমরা এহেন পুলিশি আচরণের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।''
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, খায়রুল কবির খোকন, মাসুদ আহমেদ তালুকদার, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরফত আলী সুপু, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪৫৫ ঘ.
bdnews24