ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সন্ত্রাসের বিপরীতে সুস্থ ধারার ছাত্র আন্দোলন গড়ে তোলার ডাক নিয়ে সোমবার দেশব্যাপী 'শুভ্র পদযাত্রা' পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাস ও দখলদারিত্বের প্রতিবাদে 'এসো পদতলে পিষ্ট করি সন্ত্রাসের চারণভূমি' স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে পদযাত্রা শুরু হয়। মাথায় সাদা কাপড় বেঁধে সংগঠনের কর্মীরা পদযাত্রায় অংশ নেয়।
পদযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করার পর অপরাজেয় বাংলায় এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনটির সভাপতি মানবেন্দ্র দেব বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন শিক্ষাঙ্গনে ১৭৮টি সন্ত্রাসী ঘটনায় ১৪জন ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে ২২০৭ জন। এসব ঘটনায় ৪২টি শিক্ষপ্রতিষ্ঠান বিভিন্ন মেয়াদে বন্ধের কবলে পড়ে।
শিক্ষাঙ্গণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মানবেন্দ্র দেব।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক এস এম শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু তোয়াব অপু, ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি আশিকুল ইসলাম প্রমুখ।
সংগঠনটির কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ফরিদপুর, নারায়নগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় এ কর্মসূচি পালিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৯৪০ঘ.
bdnews24