ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পুলিশের কাজে বাধা দেওয়া এবং আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ের করা শাহবাগ থানার মামলায় এবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার শাহবাগ থানার উপপরিদর্শক আবদুর রশীদ কামারুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর এ আবেদন করেন।
গ্রেপ্তার দেখানোর আদেশে ঢাকার মুখ্য মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান উল্লেখ করেন, মামলাটিতে কামারুজ্জামানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে।
সংশ্লিষ্ট আদালত পুলিশের গোয়েন্দা বিভাগের তথ্য ও প্রসিকিউশন শাখার অতিরিক্ত উপকমিশনার রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে কামারুজ্জামানকে মোট ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
মামলার এজাহারে বলা হয়, গত ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় প্রেসক্লাবের সামনে থেকে পুলিশ মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করতে যায়। এ সময় কামারুজ্জামানসহ অপর আসামিরা পুলিশের কাজে বাধা দেন। তারা সারাদেশে বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টির হুমকি দেন।
ওই দিনই শাহবাগ থানার পুলিশ বাদি হয়ে মামলাটি করেন।
কামারুজ্জামান বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএএ/২০৪০ঘ.
bdnews24