২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তাঙ্গনে বিএনপির বিক্ষোভ বিকালে

গণঅনশন কর্মসূচির জন্য পল্টন ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ায় রোববার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 05:00 AM

Updated : 25 Aug 2022, 04:53 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণঅনশন কর্মসূচির জন্য পল্টন ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ায় রোববার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। বিকাল ৩টায় মুক্তাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হবে বলে বিএনপির দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন। এ বিষয়ে রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সরকারের স্বৈরচারী সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে এই কর্মসূচি পালন করা হবে। ঢাকা মহানগরীর মূল দলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সমাবেশে উপস্থিত হতে বলা হয়েছে। সমাবেশে দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।" রিজভী আহমেদ অভিযোগ করেন, পুলিশ এর আগে গত ৭ জুলাই মানববন্ধন কর্মসূচিতে করতে দেয়নি। গত ১৫ জুন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন পল্টন ময়দানে ২৫ জুলাই সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত প্রতীকী গণঅনশনের কর্মসূচি ঘোষণা করেন। এরপর বিএনপির পক্ষ থেকে ৮ জুলাই জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি বরাবর পল্টন ময়দান ব্যবহারের অনুমতির জন্য আবেদন জমা দেওয়া হয়। ২২ জুলাই পর্যন্ত মাঠ দেওয়ার অনুমতি না দেওয়ায় ওই কর্মসূচি বাতিল করে এই বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেওয়া হয়। দ্রব্যমূল্য বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বন্দি নেতাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমের সন্ধানসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ২৫ জুলাই পল্টন ময়দানে প্রতীকী গণঅনশনের ওই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলো বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১০৫৫ ঘ.