মেহেরপুর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনীতে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লালযুদ্ধ) খুলনা বিভাগীয় কমান্ডার মাজহারুল ইসলাম ওরফে স্বপন বাবুকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার মটমুড়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে স্বপন বাবুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গাংনী থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লালযুদ্ধের গোপন বৈঠক চলছে- এমন খবরে বাবুর বাড়িতে অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় বাবুকে।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
মতিয়ার রহমান জানান, কিছুদিন ধরে বাবু নিজেকে মাওবাদী কংগ্রেসের খুলনা বিভাগীয় প্রধান হিসাবে পরিচয় দিত।
গাংনীর ব্যবসায়ী আদম ও ছাত্রনেতা কাজল হত্যা মামলাসহ ১০টি হত্যা ও অস্ত্র মামলার আসামী স্বপন বাবু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৬৪৩ ঘ.
bdnews24