২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না: স্বরাষ্ট্র মন্ত্রী

সরকার কোন ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 12:27 PM

Updated : 25 Aug 2022, 04:26 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সরকার কোন ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সাহারা খাতুন একথা বলেন। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকালে সংসদের অধিবেশন শুরু হয়। নোয়াখালী-১ আসনের সাংসদ এ এম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, "বর্তমান গণতান্ত্রিক সরকার কোন ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছে।" তিনি বলেন, "বিচার বহির্ভূতসহ যেকোন ধরনের বেআইনী হত্যাকাণ্ড বন্ধ করে দেশের আইন-শৃঙ্খলার উন্নয়ন এ সরকারের নির্বাচনী অঙ্গীকার। সর্বোচ্চ আদালতের প্রতি বর্তমান সরকার শ্রদ্ধাশীল। যে কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে নিয়ম মোতাবেক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধা রেখে সরকার হাইকোর্টের রায় বাস্তবায়নে অত্যন্ত আন্তরিক।" লক্ষ্মীপুর-৪ আসনের সাংসদ এ বি এম আশরাফ উদ্দিনের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী জানান, পুলিশের জনবল ৩২ হাজার ৩১ জন বৃদ্ধি করা হয়েছে। এরমধ্যে ১৩ হাজার ৩৯১ জন জনবল নিয়োগ কার্যক্রম চলছে। এক সম্পূরক প্রশ্নে ঢাকা-৭ আসনের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে জানতে চান, জোট সরকারের সময়ে তার নির্বাচনী এলাকায় নিয়োগ পাওয়া পুলিশের উপ-পরিদর্শকদের সরিয়ে নেওয়া হবে কিনা। জবাবে সাহারা খাতুন বলেন, "সুনির্দিষ্টভাবে কোন এসআই'য়ের বিষয়ে অভিযোগ করা হলে তাকে সরিয়ে নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/১৮২৫ঘ.