ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিষিদ্ধ ঘোষিত চরমপন্থীদের নির্মূল করা না গেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি বলেছেন, "বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সকল সন্ত্রাসী, জঙ্গি ও চরমপন্থী নির্মূলে কাজ করছে। তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসে গণতান্ত্রিক সুযোগ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। সকলেরই গণতান্ত্রিক পরিবেশে বাঁচার সুযোগ নেওয়া উচিত।"
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
অতীতের মতো এবারও চরমপন্থীদের সাধারণ ক্ষমার সুযোগ দেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে টুকু বলেন, "আমাদের পক্ষ থেকে সকলকে গণতান্ত্রিক সুযোগ নেওয়ার জন্য বহুবার আহ্বান জানানো হয়েছে। কারণ চরমপন্থীদের নির্মূল করা না গেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব নয়।"
তিনি জানান, পুলিশ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসী, জঙ্গি, চরমপন্থী বা আত্মগোপনকারী যে সংগঠনই জড়িত থাক, তাদের আইনের আওতায় আনা হবে। এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ শক্তি ও মেধা প্রয়োগ করবে।
"চরমপন্থীরা সবসময় অপরাধের জন্য দুর্গম এলাকা বেছে নেয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের গতিবিধির ওপর সব সময় নজরদারি রাখে। এরপরও চরমপন্থীরা দ্রুত স্থান পরিবর্তনের কারণে বিচ্ছিন্নভাবে দুই-একটি ঘটনা ঘটে।"
দুর্গম এলাকায় যাতায়াতের অসুবিধার কারণে সব সময় তাদেরকে নজরদারিতে রাখা যায় না বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, "এসব এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নৌযান দেওয়া হবে।"
এ সময় পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ জানান, মঙ্গলবার রাতে পাবনার চরে তিন পুলিশ সদস্য হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন দুর্গম এলাকায় অভিযান চালানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/
bdnews24