ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের চলতি অধিবেশনে আইন সংশোধন না হলে চলতি বছরের নভেম্বরে স্থানীয় নির্বাচন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা।
মঙ্গলবার তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।
সিইসি বলেন, "ওয়ার্ড এর সীমানা পুননির্ধারণ নিয়ে স্থানীয় সরকার নির্বাচন আইন (সিটি, পৌর ও ইউনিয়ন পরিষদ) সংশোধন না হলে নভেম্বরের মধ্যে এসব নির্বাচন করা সম্ভব হবে না।"
চলতি বছরের শুরু থেকে স্থানীয় সরকারের এসব নির্বাচন করার পরিকল্পনা ইসির থাকলেও নানা আইনী জটিলতায় তা বারবার পিছিয়ে যাচ্ছে।
এর আগে গত রোববার স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদে জানান, নভেম্বরে মেয়াদোত্তীর্ণ পৌরসভা এবং ডিসেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় তথ্য নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।
সিইসি বলেন, "স্থানীয় সরকারের একটি চিঠি ইসিতে এসেছে। কিন্তু আইন সংশোধন না হলে নভেম্বরে এসব নির্বাচন সম্ভব হবে না।"
চলতি অধিবেশনে আইন সংশোধনের আশ্বাস ইসি পেয়েছে জানিয়ে শামসুল হুদা বলেন, "এ সপ্তাহে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এ বিষয়ে তাগিদ দেওয়া হবে।"
১৫/২০ দিনের মধ্যে সংশোধন সম্ভব না হলে চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন করা নিয়ে সংশয় প্রকাশ করেন সিইসি।
স্থানীয় সরকার আইনের ওয়ার্ডের সীমানা নির্ধারণ বিষয়ে বলা হয়েছে, পৌরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসকালে যতদূর সম্ভব ভৌগলিক সম্পৃক্ততা সংরক্ষণ করতে হবে এবং খেয়াল রাখতে হইবে যাতে একটি ওয়ার্ডের লোকসংখ্যা অন্য একটি ওয়ার্ড থেকে ১০ শতাংশের কম বা বেশি না হয়।
সিইসি জানান, পুরাতন ও নতুন ঢাকার একটি ওয়ার্ডে ১০ হাজার এবং অন্যটিতে ৮০ হাজার পর্যন্ত লোকসংখ্যা রয়েছে।
বিদ্যমান আইনের ধারাটি সংশোধন না হলে যে কেউ রিট করতে পারেন এমন শঙ্কা প্রকাশ করে শামসুল হুদা বলেন, "চলতি বছরই স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা আমাদের রয়েছে। সরকার আইন সংশোধন না করলে বিদ্যমান সীমানাতেই নির্বাচন করা যেতে পারে। এক্ষেত্রে সংক্ষুব্ধরা আদালতে যেতে পারে যা নির্বাচন অনুষ্ঠানে ব্যাঘাত ঘটাতে পারে।"
ঢাকা সিটি করপোরেশনসহ দেশের তিন শতাধিক পৌরসভা ও চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদ বর্তমানে মেয়াদোত্তীর্ণ রয়েছে।
জাতীয় সংসদের সীমানা পুননির্ধারণ আইনও সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সিইসি।
তিনি জানান, রাজনৈতিক দলের সঙ্গে আসন্ন সংলাপে জাতীয় সংসদের সীমানা পুননির্ধারণ, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা, আচরণ বিধিমালা, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনসহ নানা বিষয়ে আলোচনা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমইউএস/এসএএ/১৮৫৫ঘ.
bdnews24