ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-'নিখোঁজ' ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা চৌধুরী আলমের সন্ধানের দাবিতে সোমবার ৬ ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে পাঁচটি সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলররা।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলে। পরে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বিকালে শরবত পান করিয়ে কাউন্সিলরদের অনশন ভঙ্গ করান।
গত ২৫ জুন ফার্মগেট ইন্দিরা রোডের সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চৌধুরী আলমকে ধরে নিয়ে যায় বলে তার পরিবারের অভিযোগ।
এরপর থেকে চৌধুরী আলমকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করে আসছে তার পরিবার ও বিএনপি।
ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা একাধিকবার সংবাদ সম্মেলন করে র্যাব চৌধুরী আলমকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন।
র্যাব অবশ্য দাবি করছে তারা চৌধুরী আলমকে আটক করেনি।
ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতীকী অনশন কর্মসূচি আয়োজন করা হয়।
এতে ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রাজশাহীর বিএনপি সমর্থিত কাউন্সিলররা অংশ নেন।
অনশন ভঙ্গ করার আগে খোন্দকার দেলোয়ার বলেন, "একজন জনপ্রতিনিধিকে এভাবে গুম করে পুলিশ বলবে-তারা কিছুই জানে না, এটা গ্রহণযোগ্য নয়। অবশ্যই চৌধুরী আলমের সন্ধান সরকারকে জানাতে হবে। নইলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।"
'৭২ থেকে ৭৫ সালে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যা ও গুম করার ঘটনার কথা স্মরণ করে দেলোয়ার অভিযোগ করেন, আওয়ামী লীগের চারিত্রিক বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন হয়নি।
প্রতীকী অনশনের সঙ্গে সংহতি প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর ট্রাস্টি বোর্ডের সাবেক সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, "নাগরিকদের জীবনে নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। চৌধুরী আলমকে গুম করার মতো দুঃষ্কর্মটি যারা করেছেন, অবশ্যই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।"
বর্তমানে বিচারবহির্ভূত হত্যা, অপহরণ, গুম ও সন্ত্রাসের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "এসব বন্ধ করতে হবে। নইলে সোনার বাংলা প্রতিষ্ঠা করা যাবে না।"
সকাল প্রতীকী অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সহসভাপতি সেলিমা রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইনাম আহমেদ চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, অধ্যাপক এম এ মান্নান, সাবেক শিক্ষা মন্ত্রী ওসমান ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারোয়ার এবং বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমূখ।
এ ছাড়া সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি সদরুল আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা'র সভাপতি শফিউল আলম প্রধান এবং গায়ক আসিফ আকবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/১৮২৮ঘ.
bdnews24