ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের নগরীর উন্নয়নে সিটি করপোরেশনের বরাদ্দ বাড়াতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন খালেদা জিয়া।
রোববার রাতে চট্টগ্রামের মেয়র মনজুর আলমকে দেওয়া এক অর্ভ্যথনা সভায় খালেদা বলেন, ''নতুন মেয়র বিএনপির নয়, মহানগরাসীর উন্নয়নের জন্য কাজ করবেন। তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।''
একই সঙ্গে তিনি মেয়র নির্বাচিত হওয়ার জন্য মনজুর আলমসহ দলীয় কাউন্সিলরদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
রোববার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন নতুন মেয়র মনজুর আলম।
কার্যালয়ের প্রাঙ্গণে এই শুভেচ্ছা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ মহানগর চট্টগ্রামের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া শুভেচ্ছা বক্তব্যে ১৭ জুন চট্টগ্রাম সিটি নির্বাচনে মনজুর আলমকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন জানিয়ে বলেন, ''আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিজয়ী হব। কোনো ষড়যন্ত্র ওই বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না।''
খালেদা জিয়া বলেন, ''নির্বাচনের ওই ফল পাল্টাতে অনেক ষড়যন্ত্র করা হয়েছিলো। দুই ঘন্টা ফলাফল ঘোষণা বন্ধ রাখা হয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা ফলাফলের ব্যবধান বেশি বলে ফল আর পাল্টাতে পারেনি।''
তিনি আরো বলেন, ''এই ফল থেকে বুঝা যায় সরকারের জনপ্রিয়তায় ধ্বস নেমেছে। জনগণের এই সরকারের প্রতি আর কোন বিশ্বাস নেই। তারা নির্বাচনের কোন অঙ্গীকারই বাস্তবায়ন করেনি।''
চট্টগ্রামের সংগঠন শক্তিশালীর করা প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বলেন, ''মহানগর কমিটি হয়েছে। এখন ওয়ার্ড কমিটি করতে হবে। পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে।''
পরাজিত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমালোচনা করে খালেদা বলেন,''উনি কোনো কাজ করেননি। সিটি করপোরেশনকে ঋণগ্রস্ত করেছে। দেউলিয়ার দ্বার প্রান্তে এনেছে সিসিসিকে। সরকারকে বলব, এই অবস্থা থেকে উত্তরণে নতুন মেয়রকে অধিক বরাদ্দ দিন।''
তিনি নতুন মেয়রকে যেকোনো সমস্যায় দলের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
এর আগে বিকালে মনজুর আলম শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে চট্টগ্রাম সিটি নির্বাচনে নির্বাচিত দলীয় কাউন্সিলররাও ছিলেন।
গুলশানের কার্যালয়ের অনুষ্ঠানে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সহসভাপতি এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, চট্টগ্রাম মহানগর সভাপতি ও দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল আলম চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সিনিয় যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, আর্ন্তজাতিক সম্পাদক গিয়াস কাদের চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
নতুন মেয়র চট্টগ্রামের মহানগরের উন্নয়নে বিরোধী দলীয় নেতার সহযোগিতা কামনা করেন। সিটি নির্বাচনের জন্য খালেদা জিয়া, নেতৃবৃন্দসহ নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এর আগে সকাল পৌনে ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে মেয়র হিসেব মনজুর আলম শপথ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করান।
গত ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে বিএনপির নেতৃত্বাধীন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মঞ্জুর আলম মেয়র প্রায় এক লাখ ভোটের ব্যবধানে নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২২১৭ ঘ.
bdnews24