২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার কবরে মনজুরের শ্রদ্ধা

চট্টগ্রামের নতুন মেয়র এম মনজুর আলম রোববার সকালে শপথ নেওয়ার পর বিকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 11:00 AM

Updated : 25 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের নতুন মেয়র এম মনজুর আলম রোববার সকালে শপথ নেওয়ার পর বিকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেছেন। সন্ধ্যায় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করবেন। গত ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত এম মনজুর আলম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। বিকাল ৪টায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সহসভাপতি এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, চট্টগ্রাম মহানগর সভাপতি ও দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ নতুন মেয়র শেরেবাংলা নগরে জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী বিএনপি সমর্থিত কাউন্সিলররা এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীসহ জেলার নেতারা এ সময় তাদের সঙ্গে ছিলেন। পুষ্পমাল্য অর্পণের পর প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারা। এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে চট্টগ্রামের মেয়র হিসেবে মনজুর আলম শপথ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করান। দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের নবনির্বাচিত ৪১ জন সাধারণ কাউন্সিলর এবং ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শপথ নেন। রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এসময় মনজুর আলম সেখানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/কেএমএস/১৬৫২ ঘ.