গোপালগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলার ঘটনায় দায়ের হত্যা মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
গোপালগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে রোববার মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানায়।
শুনানি শেষে বিচারক মোল্লা সাইফুল আলম তিনদন মঞ্জুর করেন।
রোববার মামলার শুনানি উপলক্ষে মুফতি হান্নানসহ মামলার অন্য পাঁচ আসামি কামরুজ্জামান, মাওলানা ওবায়দুর রহমান, আমির খান, শিপলু ও মাওলানা আবু নোমান ওরফে আমানকেও আদালতে হাজির করা হয়।
আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ আগস্ট তারিখ ধার্য করেছেন।
২০০১ সালের ৩ জুন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচরে অবস্থিত ক্যাথলিক গির্জায় সাপ্তাহিক প্রার্থনা অনুষ্ঠান চলাকালে শক্তিশালী বোমা বিস্ফোরণে ১০ জন নিহত ও কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়।
এ ঘটনায় মুকসুদপুর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬০৪ ঘ.
bdnews24