২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসির উন্নয়নে মেয়রকে সহযোগিতা করবে সরকার: আশরাফুল

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) উন্নয়নে মেয়র ও কাউন্সিলরদের নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 09:32 AM

Updated : 25 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) উন্নয়নে মেয়র ও কাউন্সিলরদের নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে সৈয়দ আশরাফুল ইসলাম সিসিসি'র নব নির্বাচিত ৫৫ জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান। সিসিসির মেয়র এবং কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "আজ (রোববার) থেকে নতুন মেয়র ও কাউন্সিলরদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। চট্টগ্রামের মানুষের উন্নয়নের জন্য মেয়র ও কাউন্সিলরদের নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে সরকার পূর্ণ সহযোগিতা করবে।" নব নির্বাচিত মেয়র মনজুর অত্যন্ত কর্মঠ উল্লেখ করে তিনি বলেন, "চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে আলোচনার জন্য এক সপ্তাহ পর সেখানে যাবো। মেয়র, কাউন্সিলর এবং সরকার এক সঙ্গে কাজ করলে চট্টগ্রামের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।" চারদলীয় জোটের সমর্থনে মনজুর মেয়র নির্বাচিত হয়েছেন, এতে উন্নয়ন কর্মকাণ্ডে বাধার সৃষ্টি হবে কিনা- এ প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "কোনো বাধার সৃষ্টি হবে না। বরং উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করবে সরকার।" মেয়র এম. মনজুর আলম বলেন, "সিসিসি'র উন্নয়নে কাজ করছি, করে যাবো। এক্ষেত্রে সরকারের সহযোগিতা পাবো বলে আশা করি।" এসময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান শেষে ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুর রহমান লাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এলাকার উন্নয়নের জন্য ভোটাররা আমাকে নির্বাচিত করেছে। আশা করি মেয়রের সহযোগিতা নিয়ে ভালো কাজ করতে পারবো।" ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাবো। সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের দায়িত্ব পালনে মেয়রের সহযোগিতা চান তিনি।" এর আগে এম মনজুর আলম রোববার সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করান। মেয়রের শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত ৪১ জন ওয়ার্ড কাউন্সিলর ও ১৪ জন মহিলা কাউন্সিলর শনিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৫১৭ ঘ.