২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মনজুরের শপথ অনুষ্ঠানে খালেদাকে আমন্ত্রণ

চট্টগ্রামের নব নির্বাচিত মেয়রের শপথ অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 02:37 PM

Updated : 25 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামের নব নির্বাচিত মেয়রের শপথ অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদ সৈয়দ আশরাফুল ইসলাম ধানমন্ডিস্থ দলের কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান। রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চট্টগ্রাম সিটির নব নির্বাচিত মেয়র মো. মনজুর আলমকে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশরাফ জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিটি মেয়র এবং বেলা বারোটায় আগারগাঁওস্থ এলজিইডি কার্যালয়ে সিটি কাউন্সিলদের শপথ অনুষ্ঠান হবে। "বিরোধী দলীয় নেত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করি, তিনি উপস্থিত থাকবেন," বলেন আশরাফ। গত ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে বিএনপি সমর্থিত প্রার্থী মো. মনজুর আলম মেয়র নির্বাচিত হন। এ নির্বাচনে ৪১ জন সাধারণ কাউন্সিল ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরও নির্বাচিত হন। অভিযোগ উঠেছে, মেয়র প্রার্থী মনজুর আলমের নির্বাচনী এজেন্ট ও চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্তত ছয়জনকে রোববার মেয়রের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শপথ অনুষ্ঠানে অংশ নিতে পরিবারের সদস্যসহ আরো কয়েকজনের নাম জমা দেন মনজুর আলম। পরিবারের সদস্য ছাড়া দলীয় অন্যদের শপথ অনুষ্ঠানে যোগদানের পাস দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "বিষয়টি আমার জানা নেই। তবে বিরোধী দলীয় নেত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এক হাজার ব্যক্তিকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২০২৮ ঘ.