২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৭২ এর সংবিধানে ফেরার পথ থেকে সরে আসুন: দেলোয়ার

'৭২ এর সংবিধানে ফেরার পথ থকে সরকারি দলকে সরে আসার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 02:26 PM

Updated : 25 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-'৭২ এর সংবিধানে ফেরার পথ থকে সরকারি দলকে সরে আসার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শনিবার সন্ধ্যায় এক সমাবেশে তিনি এই আহবান জানান। দেলোয়ার বলেন, "সংবিধান সংশোধনে সরকারের সর্বদলীয় কমিটি গঠন করার ঘোষণা কু-মতলব ছাড়া কিছুই না। দেশ সামনের দিকে এগিয়েছে। '৭২ সালের সংবিধানে ফিরে যাওয়া যাবে না। এই পথ থেকে সরে আসুন। জনগনের মুখোমুখী হবেন না, নইলে আপনাদের গদি হারাতে হবে।" শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংশোধন করতে সর্বদলীয় কমিটি গঠনের ঘোষণা দেন। শনিবার বিকালে মুক্তাঙ্গনে জাতীয়তাবাদী স্বেচছাসেবক দলের উদ্যোগে দলীয় নেতা মির্জা আব্বাস, শমসের মবিন চৌধুরী, শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ বন্দি নেতাদের মুক্তি ও ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের সন্ধানের দাবিতে এই সমাবেশ হয়। এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবেন উল্লেখ করে খোন্দকার দেলোয়ার বলেন, "আমাদের বক্তব্য '৭২ সালের সংবিধানে ফিরে যাওয়া যাবে না। দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে পেছনের দিকে যাওয়ার সুযোগ নেই। সংবিধান এ পর্যন্ত যতবার সংশোধন হয়েছে, তা দেশের প্রয়োজনেই হয়েছে। এই সংশোধনের সময় আপনারাও (আওয়ামী লীগ) সংসদে ছিলেন। তাই এখন ভিন্ন কথা বললে, তা গ্রহণযোগ্য হবে না।" সর্বদলীয় কমিটি গঠনকে একটি 'লোকদেখানো কমিটি' বলে উল্লেখ করেন দেলোয়ার। তিনি বলেন, "এরকম সর্বদলীয় কমিটি টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়েও সরকার করেছিলো। পরে ওই কমিটি কি করেছে, তা দেশবাসীর জানা আছে।" সরকারি দলের ছাত্র সংগঠনের বিষয়ে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করে দেলোয়ার বলেন, "একদিকে সরকার বলে ছাত্রলীগের দায় আমরা নেব না। অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয়না। অর্থাৎ সরকারের মন্ত্রীরা ছাত্রলীগকে বলছে, যা করার করে যাও, ওপর দিয়ে একটু তিরস্কার করব।" তিনি হরতালে গ্রেপ্তারকৃত নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানান। সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, রহুল কবির রিজভী আহমেদ, সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুব দলের সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত আলী সুপু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/এইচএ/২০২০ঘ.