২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইদুরকে আরো ৩ দিনের হেফাজতে পেল পুলিশ

জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান মাওলানা সাইদুর রহমানকে কদমতলী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরো তিন দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 01:16 PM

Updated : 25 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান মাওলানা সাইদুর রহমানকে কদমতলী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরো তিন দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ। এর আগে তাকে চার দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজত চেয়ে আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম মোয়াজ্জেম হোসেন তিন দিনের হেফাজত মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, গত ২৩ মে সাইদুর রহমানের নেতৃত্বে জেএমবি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সংগঠিত হয়ে দেশে বড় ধরনের নাশকতামূলক তৎপরতা চালাতে কদমতলীর একটি বাড়িতে সভা করছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বড়িটি ঘেরাও করলে জেএমবি সদস্যরা ভেতর থেকে তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে। এতে জেএমবি'র নেতাকর্মীরাও আহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া এ মামলার এজাহারভুক্ত আসামি আবু বকর সিদ্দিকের কাছ থেকে মাওলানা সাইদুরের সম্পৃক্ততা এবং তার নেতৃত্বের বিষয়টি জানা যায়। গত ২৪ মে সাইদুর ও তার স্ত্রী জেএমবি সদস্য আয়েশা আক্তারকে রাজধানীর দনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির রসদ, গ্রেনেড তৈরির ম্যানুয়াল, আগ্নেয়াস্ত্র, গুলি ও জিহাদী বই উদ্ধার করা হয়। এর আগে পুলিশ হেফাজতে চার দিনের জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুতপূর্ণ তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে জুনের প্রথম সপ্তাহে কদমতলী থানার অপর একটি মামলায় তাকে ১৩ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৯১২ ঘ.