সাতক্ষীরা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় সাতক্ষীরায় গ্রেপ্তার জামায়াত ও ছাত্রশিবিরের ১৪ কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার করা হয়েছে জামায়াতের আরো এক নেতাকে। তাকে সদর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এ নিয়ে জেলায় গত ২৯ জুন থেকে এ পর্যন্ত জামায়াত-শিবিরের ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো।
শুক্রবার দুপুরে ১৪ জনকে সাতদিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে পুলিশ।
আদালত আগামী রোববার হেফাজতের আবেদনের ওপর শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরে জামায়াত কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি শাহ্জাহান আলী খাঁন সাংবাদিকদের জানান, তাদের বিরুদ্ধে নির্বাচিত সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
একইসঙ্গে তারা সাতক্ষীরায় অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছিলো। তারা একাত্তরের মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচার কাজেও বাধার সৃষ্টি করে আসছিলো বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি জানান, উপ-পরিদর্শক (এসআই) ফকির আজিজুর রহমান বাদি হয়ে ৭৪ জনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন। এতে অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
সদর থানার এসআই আব্দুস সবুর জানান, শুক্রবার বিকালের দিকে উপজেলার শিবপুর ইউনিয়ন জামায়াতের নেতা নুরুল আলমকে (৪০) এই মামলা গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে আরো ৭ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
গত ২৯ জুন জামায়াতের আমিরসহ শীর্ষস্থানীয় তিন নেতা গ্রেপ্তার হওয়ার পর কলারোয়া উপজেলা সদর থেকে আটজন এবং ৯ জুলাই সাতক্ষীরা শহরে পোস্টার লাগানোর সময় আরো দুজনকে গ্রেপ্তার করা হয়।
এদেরকেও সরকারের উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে করা পৃথক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএসবি/২০২৫ ঘ.
bdnews24