ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লার রিমান্ড শুনানির সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের দুই ছেলেসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- কামারুজ্জামানের ছেলে মো. হাসান ইমাম, কাদের মোল্লার ছেলে হাসান জামিল, দুই জামাতা জহিরুল ইসলাম ও মহিবুল্লাহ এবং জামায়াত কর্মী মাশফুর রহমান জিতু, মো. নুরুল হক, মুশফিকুর রহমান।
জহিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের সহকারী অধ্যাপক বলে তার এক ঘনিষ্ট আত্মীয় জানান। তবে পুলিশ এ ব্যাপারে কিছু জানয়নি।
কোতয়ালি থানার ওসি সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কামারুজ্জামান ও কাদের মোল্লার ছেলে ও জামাতাসহ কয়েকজন আত্মীয় রয়েছেন।"
কোতয়ালি থানার উপ-পরিদর্শক আব্দুল লতিফ জানান, আদালত এলাকা থেকে মোট ৭ জনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/ডিডি/জিএনএ/২১০০ ঘ.
bdnews24