জয়পুরহাট, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে আটক সাত শিবির নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে পুলিশ তাদের জয়পুরহাট মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হজির করে পাঁচ দিন রিমান্ডের আবেদন করে। বিচারক কুমার শিপন মোদক দুই দিন মঞ্জুর করেন।
গত শুক্রবার আক্কেলপুর উপজেলার রোয়ার গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আক্কেলপুর থানার ওসি মোকলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শুক্রবার আক্কেলপুর উপজেলার রোয়ার গ্রামে একটি মসজিদে রাতে শবে মেরাজ উপলক্ষে ধর্মীয় আলোচনার নামে রাতে কর্মী সম্মেলন করে এ শিবির কর্মীরা। পুলিশ সেখান থেকে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক মুনতাসিম বিল্লাসহ সাত নেতা কর্মীকে আটক করে ।
এ সময় ছয়টি জেহাদী বই, একটি ডায়েরি ও জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির বিষয়ে ওই উপজেলায় শিবিরের মাসব্যাপী গৃহীত কর্মসূচির তালিকা উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/০০৪৭ ঘ.
bdnews24