ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা।
রোববার সকালে চিকিৎসকরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে দেখার পর সাংবাদিকদের কাছে এই তথ্য জানান।
স্কয়ার হাসপাতালের আইসিইউর চিকিৎসক মির্জা নাজিমউদ্দিন বলেন, "মান্নান ভূঁইয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। এখনো তিনি শংকামুক্ত নন। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষনে রেখেছি। কৃত্রিম যন্ত্রে তাঁকে অক্সিজেন নিতে হচ্ছে।"
মান্নান ভূঁইয়ার ব্যক্তিগত চিকিৎসক বজলুল গনী ভূঁইয়া জানান, "তার অবস্থা ১২ ঘন্টা আগে যা ছিলো, এখনো তা-ই আছে। ফুসফুসে ক্যান্সারের কারণে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। এজন্য কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চলছে। এখন ৮০ ভাগ অক্সিজেন দিতে হচ্ছে।
তিনি জানান, মান্নান ভূঁইয়ার শরীরের তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে। কিডনিসহ সবগুলো অঙ্গ-প্রত্যঙ্গ ভালো। কেবল ফুসফুস স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে পারছে না।
এদিকে অসুস্থ মান্নান ভূঁইয়াকে দেখতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও তার স্ত্রী, সাবেক মন্ত্রি পরিষদ সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমূখ আসেন। তারা আইসিইউয়ের কাচেঁর বেষ্টনীর বাইরে থেকে লাইফ সাপোর্ট অবস্থায় মান্নান ভূঁইয়াকে দেখেন।
পরে তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইসিইউতে গিয়ে মান্নান ভূঁইয়াকে খুব কাছ থেকে আমি দেখেছি। ঘুমিয়ে আছেন। আমার দীর্ঘদিনের সাথী মান্নান ভাইকে এই অবস্থায় আমি দেখবো- তা ভাবিনি। এটা আমার এবং আমার পরিবারের জন্য বেদনাদায়ক। আমরা আল্লাহ'র কাছে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।"
স্কয়ার হাসপাতালে তার নির্বাচনী এলাকার কর্মী-সমর্থকরা রয়েছেন সর্বক্ষণ।
ক্যান্সার বিশেষজ্ঞ কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে স্কয়ার হাসপাতালে মান্নান ভূঁইয়ার চিকিৎসা চলছে। গত বুধবার রাতে মান্নান ভূঁইয়াকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিনি চিকিৎসকদের নিবিড় পরিচর্যার মধ্যে রয়েছেন। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত।
জানুয়ারি মাসে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মান্নান ভূঁইয়ার চিকিৎসা শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৩১৬ ঘ.
bdnews24