ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জামায়াতে ইসলামী নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং দেলাওয়ার হোসাইন সাঈদীকে রমনা থানার ফারুক হোসেন হত্যা মামলায় পুলিশ ৪ দিনের হেফাজতে (রিমান্ড) নিয়েছে।
শনিবার আদালতে ৪ দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পাওয়ার পরপরই গোয়েন্দা পুলিশ তাদেরকে আদালত থেকে সরাসরি গোয়েন্দা দপ্তরে নিয়ে আসে। এখানে রেখেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান।
গত ৩০ জুন আদালত এই মামলায় তাদের ৪ দিনের হেফাজত মঞ্জুর করে। মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালের আগের রাতে মগবাজার রেল ক্রসিংয়ের সামনে একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়।
এতে মারত্মকভাবে অগ্নিদগ্ধ হন ফারুক ও সুমন নামের দুই ব্যক্তি।
এই ঘটনায় প্রথমে রমনা থানায় দায়ের করা হয় গাড়ী পোড়ানো ও হত্যা চেষ্টা মামলা। পরে গুরুতর আহত ফারুক হোসেন হাসপাতালে মারা গেলে এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই মামলার প্রধান আসামি হলেও পরে মুজাহিদ ও সাঈদীসহ জামায়াতের তিন নেতাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পল্টন থানার তিন মামলায় ৯ দিন জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নিয়ে আসা হয়।
তাদেরকে প্রথমে হাকিমের এজলাসে না তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরে সে সিদ্ধান্ত পরিবর্তন করে মহানগর হাকিম আবদুল মজিদের এজলাসে তুলে কাঠগড়ায় দাঁড় করানো হয়।
একটানা হেফাজতে রাখার পর পরই তাদেরকে আবারো হেফাজতে না নিয়ে কারাগারে পাঠানোর আবেদন জানান তাদের আইনজীবী মশিউল আলম, আবদুর রাজ্জাক ও এস এম কামাল উদ্দিন।
এ আবেদনের কারণ হিসাবে তারা আদালতে বলেন, "পল্টন থানার তিন মামলায় একটানা হেফাজতের মুখোমুখি হয়ে তারা খুব ক্লান্ত এবং পরিশ্রান্ত। এই হেফাজতে থাকায় তারা গুরুতর অসুস্থও বটে।"
আইনজীবীরা বলেন, এ পর্যায়ে তাদেরকে কারাগারে পাঠানো হোক। কারাগারে সুস্থ হয়ে ওঠার পর এ মামলায় তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে। আদালতের আগের আদেশ অনুযায়ী তারা দুজনের সুচিকিৎসার আবেদন জানিয়ে বলেন, তদন্তকারী কর্তৃপক্ষ আদালতের আদেশ লঙ্ঘন করছেন।
এ আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ কামরুল হাসান খান আসলাম ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান লিখন বলেন, "এ হেফাজত আগেই মঞ্জুর হয়ে আছে। তাই ওই এ হেফাজত বিষয়ে বক্তব্য রাখার তেমন কোন সুযোগ নেই। তারা অসুস্থ হয়ে পড়লে অবশ্যই তদন্ত কর্মকর্তা প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেবেন। এ মূহূর্তে তাদেরকে কারাগারে পাঠানোর কোন সুযোগ নেই।"
এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে মুজাহিদ এবং সাঈদী বলেন, "তারা ভীষণ অসুস্থ। তাদের কোন প্রকার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।"
সাঈদী বলেন, "হেফাজতে নিয়ে তাকে একনাগাড়ে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছে। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে তার কষ্ট হচ্ছে।"
দুই পক্ষের শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আবেদন নাকচ করে হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ।
এরপর তাদের আইনজীবীরা পল্টন থানার তিন মামলায় মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ারের আদালতে তাদের জন্য জামিন চান। দুই পক্ষের শুনানি শেষে আদালত তা নাকচ করে দেন।
পল্টন থানার মোট তিনটি মামলায় নয়দিন পুলিশ হেফাজতে থাকাকালে গোয়েন্দা দপ্তরে রেখেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
বর্তমানে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী পল্টন থানার মামলা তিনটিতে পুলিশ হেফাজতে রয়েছেন। তাকেও গোয়েন্দা দপ্তরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/এসএএ/ কেএমএস/২০৪০ ঘ.
bdnews24