ঢাকা,জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জামায়াতে ইসলামী নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং দেলাওয়ার হোসাইন সাইদীকে রমনা থানার ফারুক হোসেন হত্যা মামলায় ৪ দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
গত ৩০ জুন আদালত তাদের এই হেফাজত মঞ্জুর করেছে।
পল্টন থানার তিন মামলায় ৯ দিন জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকালে মুজাহিদ ও সাইদীকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নিয়ে আসা হয়।
তাদেরকে প্রথমে হাকিমের এজলাসে না তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরে সে সিদ্ধান্ত পরিবর্তন করে মহানগর হাকিম আবদুল মজিদের এজলাসে তুলে কাঠগড়ায় দাঁড় করানো হয়।
তাদের আইনজীবী মশিউল আলম, আবদুর রাজ্জাক, এস এম কামাল উদ্দিন তাদের একটানা রিমান্ডের পর পরই আবারো রিমান্ডে না নিয়ে কারাগারে পাঠানোর আবেদন জানান।
এ আবেদনের কারন হিসাবে তারা আদালতে বলেন, "পল্টন থানার তিন মামলায় একটানা রিমান্ডের মুখোমুখি হয়ে তারা খুব ক্লান্ত এবং পরিশ্রান্ত। তারা ওই রিমান্ডে যাওয়ার পর গুরুতর অসুস্থও বটে।"
আইনজীবিরা বলেন, এ পর্যায়ে তাদেরকে কারাগারে পাঠানো হোক। কারাগারে সুস্থ হয়ে ওঠার পর এ মামলায় তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে। আদালতের আগের আদেশ অনুযায়ী তারা দুজনের সুচিকিৎসার আবেদন জানিয়ে বলেন, তদন্তকারী কর্তৃপক্ষ আদালতের আদেশ লঙ্ঘন করছেন।
এ আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ কামরুল হাসান খান আসলাম ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান লিখন বলেন, "এ রিমান্ড আগেই মঞ্জুর হয়ে আছে। তাই ওই রিমান্ড বিষয়ে বক্তব্য রাখার তেমন কোন সুযোগ নেই। তারা অসুস্থ হয়ে পড়লে অবশ্যই তদন্ত কর্মকর্তা প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেবেন। এ মূহূর্তে তাদেরকে কারাগারে পাঠানোর কোন সুযোগ নেই।"
এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে মুজাহিদ এবং সাইদী বলেন, তারা ভীষন অসুস্থ। তাদের কোন প্রকার চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না।
সাইদী বলেন, রিমান্ডে নিয়ে তাকে একনাগাড়ে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছে। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে তার কষ্ট হচ্ছে।
দুই পক্ষের শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আবেদন নাকচ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ।
এরপর তাদের আইনজীবীরা পল্টন থানার তিন মামলায় মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ারের আদালতে তাদের জন্য জামিন চান। দুই পক্ষের শুনানি শেষে আদালত তা নাকচ করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৮২৪ ঘ.
bdnews24