চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামায়াতে ইসলামীর সঙ্গে জঙ্গিদের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি বলেন, "বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্য করার চেষ্টা করা হয়েছে। বাগমারায় জঙ্গিদের উত্থান হয়েছিলো। গাছে টাঙ্গিয়ে নিরীহ মানুষকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।
"সে সময় জামায়াত নেতা নিজামী বলেছিলেন- এটা মিডিয়ার সৃষ্টি। এ কারণে জঙ্গিদের সঙ্গে জামায়াতের কানেকশন নেই, এটি কেউ বিশ্বাস করে না।"
শুক্রবার সকাল সাড়ে ১১টায় শহরের শহীদ সাটু হলে ইমাম সমাবেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এর ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের একই কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্রশিবির যেই হোক- অপরাধ করলে তাদের কোনো ক্ষমা নেই। আইন-শৃংখলা বাহিনীকে বলা আছে, ব্যবস্থা নিতে।
তিনি আরো বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীকে শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন- বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আব্দুল ওদুদ, বিডিআর সেক্টর কমান্ডার মমিনুর রহমান, রাজশাহী পুলিশ রেঞ্জের ডিআইজি মুখলেসুর রহমান, বরেন্দ্র উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।
বিডিআর ব্যাটালিয়ন পরিদর্শনের পর সকাল ১০টায় তিনি জেলা আইন-শৃংখলা কমিটির সভায় যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৪ ঘ.
bdnews24