চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার করা জাময়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১১৯ নেতাকর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
এর মধ্যে হালিশহর থানায় করা মামলায় ১৬ জনকে তিনদিন এবং ডবলমুরিং থানার মামলায় ১০৩ জনকে দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আসামিদের চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় পুলিশ।
হাকিম এইচ এম ফজলুল বারী শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদের এই আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হালিশহর থানার মামলায় গ্রেপ্তার করা ১৬ জনকে ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিলো পুলিশ। আদালত তিনদিনের অনুমতি দিয়েছে।
ডবলমুরিং থানায় করা মামলায় গ্রেপ্তার ১০৩ জনকে পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। আদালত দুদিনের অনুমতি দিয়েছে বলে তিনি জানান।
জামায়াতের তিন নেতার মুক্তি দাবিতে রোববার বিকাল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নগরীর হালিশহর থেকে আগ্রাবাদ এক্সেস রোড পর্যন্ত দেড় কিলোমিটার এলাকা জুড়ে ছাত্র শিবিরের ৫০-৬০ জন কর্মী ব্যাপক ভাংচুর চালায়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে হালিশহর ও ডবলমুরিং থানায় দুটি মামলা করে। ওইদিন ও তার পরদিন নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৪৩ জনকে গ্রেপ্তার করা হয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গত ২৯ জুন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করা হয়।
হিজবুতের দুই কর্মীর রিমান্ড শুনানি পিছিয়েছে
নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী ধর্মীয় সংগঠন হিজবুত তাহরীর এর দুই কর্মীকে জিজ্ঞাসাবাদের আবেদনের শুনানি পিছিয়ে গেছে।
বৃহস্পতিবার শুনানির দিন ধার্য ছিলো।
পরবর্তী শুনানির দিন আগামী সোমবার ধার্য হয়েছে বলে পুলিশ কর্মকর্তা নির্মেলেন্দু চক্রবর্তী জানান।
মঙ্গলবার দুপুরে হিজবুত তাহরীর ৩০-৩৫ জন কর্মী নগরীর লাভ লেইন থেকে এনায়েত বাজার এলাকায় ঝটিকা মিছিল করে পালিয়ে যায়।
এসময় পুলিশ সংগঠনটির কর্মী সন্দেহে চারজনকে আটক করে। পরে যাচাই বাছাই শেষে পুলিশ দুজনকে ছেড়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০১১ ঘ.
bdnews24