ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
বুধবার সিঙ্গাপুর সময় বিকাল ৪টার পর বিমানটি সিঙ্গাপুর থেকে উড্ডয়ন করেছে।
বিমানটি ছাড়ার আগে মান্নান ভূঁইয়ার ছোট ছেলে ভূঁইয়া নন্দিত নাহিয়ান (সজল) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়ে বলেন, "আমরা রওনা হয়েছি। ইনশাআল্লাহ সন্ধ্যা ৭টা নাগাদ ঢাকায় পৌঁছাবো।"
সজল জানান, বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে তার বাবাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
তিনি আরো জানান, তার বাবার অবস্থা অপরিবর্তিত রয়েছে। কৃত্রিম উপায়ে তিনি অক্সিজেন গ্রহণ করছেন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে দেশে নিয়ে আসা হচ্ছে।
মান্নান ভূঁইয়ার স্ত্রী অধ্যাপক মরিয়ম বেগম জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি বুধবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর পর তাকে সরাসরি স্কয়ার হাসপাতালে ভর্তি করা হবে।
ফুসফুসের চিকিৎসার জন্য গত ৩১ মে মান্নান ভূঁইয়া সিঙ্গাপুরে যান।
সেখানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে না পারায় গত এক সপ্তাহ ধরে তাকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হচ্ছে। অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার থেকে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।
মরিয়ম বেগম তার স্বামীর আরোগ্যে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৪৫২ ঘ.
bdnews24